রাজনৈতিক মহলের একাংশের মতে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ভারসাম্য বজায় রাখতে চাইছে বিজেপি। West Bengal BJP: পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকারে দু’জন উপমুখ্যমন্ত্রী(Deputy CM Bengal) থাকতে পারেন। এমনটাই সূত্রের খবর। তার মধ্যে একজন যে মহিলা উপমুখ্যমন্ত্রী হবেন, এমনটাও জানা যাচ্ছে।বিধানসভা নির্বাচনে ২৯৪ এর মধ্যে ২০৭টি আসনে জিতে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৮০টি আসন।
বৃহস্পতিবার রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi) বিধানসভা ভেঙে দিয়েছেন। এরপরই নতুন মন্ত্রিসভা নিয়ে সবার জল্পনা তুঙ্গে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ভারসাম্য বজায় রাখতে চাইছে বিজেপি। সেই কারণেই দুই উপমুখ্যমন্ত্রী করার ভাবনা। যদিও এ বিষয়ে এখনও কোনও অফিসিয়াল নোটিফিকেশন আসেনি।
রাজ্যে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে উপমুখ্যমন্ত্রীর পদে কেউ ছিলেন না। শেষবার এই পদে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য (Buddhadeb Bhattacharjee)। তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী ছিলেন। পরে ২০০০ সালে মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব। এতদিন পর আবার বাংলায় উপমুখ্যমন্ত্রীর পদ ফিরতে পারে বলে জল্পনা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গ; এই তিন অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতেই বিজেপি বিশেষ কৌশল নিতে চাইছে। আদিবাসী সম্প্রদায় থেকে কাউকে গুরুত্বপূর্ণ পদে বসানো হলে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের ভোটব্যাঙ্ক আরও মজবুত করা সম্ভব হবে বলে মনে করছে গেরুয়া শিবির। পাশাপাশি মহিলা নেতৃত্বকে তুলে ধরেও রাজনৈতিক বার্তা দিতে চাইতে পারে বিজেপি।
এদিকে শুক্রবার কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সূত্রের খবর, ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী নির্বাচন, মন্ত্রিসভার গঠন, শপথগ্রহণ অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ দফতর বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
মুখ্যমন্ত্রী পদ নিয়েও জোর জল্পনা চলছে। বিজেপির অন্দরে তিনটি নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তাঁরা হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং শমীক ভট্টাচার্য্য (Samik Bhattacharya)। সূত্রের দাবি, শুক্রবার বিকেলের মধ্যেই বিজেপি নেতৃত্ব মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে।
শপথগ্রহণ অনুষ্ঠান নিয়েও বড় প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপির প্রথম সরকার গঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং NDA শাসিত রাজ্যগুলির একাধিক মুখ্যমন্ত্রীও অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।