
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটকে ঘিরে জারি হয়েছে বিস্তারিত নির্দেশিকা। ২৯ এপ্রিল সাতটি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। নির্বিঘ্ন ও সুশৃঙ্খল ভোট নিশ্চিত করতে নির্বাচন কর্তৃপক্ষ ভোটারদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে।
ভোটের সময় ও প্রস্তুতি
রাজ্যের সব ভোটকেন্দ্র সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে। ভোটারদের নির্দিষ্ট কেন্দ্রে সময়মতো পৌঁছনোর পাশাপাশি বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যেই বিএলও-দের মাধ্যমে ভোটার তথ্য স্লিপ বিতরণ শুরু হয়েছে।
বিশেষ সুবিধা
প্রবীণ, মহিলা ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। র্যাম্প, হুইলচেয়ার, আলাদা লাইন, সবই থাকবে তাঁদের সুবিধার্থে। ব্রেইল-যুক্ত EVM ও ভোটার সহায়তা কেন্দ্রও চালু থাকবে। পাশাপাশি পানীয় জল, শৌচাগার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।
পরিচয়পত্র কী কী চলবে
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল ভোটার আইডি (EPIC)। তবে তা না থাকলে আধার, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক বা ডাকঘরের পাসবুক, পেনশন নথি বা সরকারি পরিচয়পত্র, এর যেকোনও একটি ব্যবহার করা যাবে।
ভোটের আগে কী করবেন
ভোটার তালিকায় নিজের নাম আছে কি না তা আগে যাচাই করে নিন। ভোটকেন্দ্রের অবস্থান জেনে নিন এবং প্রার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করুন। প্রয়োজনে ১৯৫০ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে বা সরকারি ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
ভোটের দিন করণীয়
ভোট দিতে যাওয়ার সময় পরিচয়পত্র সঙ্গে রাখুন। গরমের কথা মাথায় রেখে জল ও ছাতা সঙ্গে রাখা ভালো। লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে ভোট দিন।
যা করা উচিত নয়
ভোটকেন্দ্রে রাজনৈতিক প্রতীকযুক্ত পোশাক বা সামগ্রী নিয়ে যাওয়া যাবে না। মোবাইল ফোন ভিতরে নেওয়া নিষিদ্ধ। ভোট দেওয়ার সময় ছবি বা ভিডিও তোলা যাবে না। কারও কাছ থেকে টাকা বা উপহার নেওয়াও আইনত দণ্ডনীয়।
ভোটদানের ধাপ
প্রথমে লাইনে দাঁড়িয়ে নিজের নাম যাচাই করাতে হবে। এরপর আঙুলে অমোচনীয় কালি লাগানো হবে। ভোটকক্ষে গিয়ে EVM-এ পছন্দের প্রার্থীর বোতাম চাপতে হবে। VVPAT স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য নিজের ভোটের তথ্য দেখা যাবে, তা মিলিয়ে নেওয়া জরুরি।
সমস্যা হলে কী করবেন
EVM-এ সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসারকে জানান। প্রয়োজনে সংশ্লিষ্ট পর্যবেক্ষকের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
cVIGIL অ্যাপ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে ‘cVIGIL’ অ্যাপ ব্যবহার করা যাবে। ছবি বা ভিডিও তুলে সরাসরি অভিযোগ পাঠানো যায় এবং তার স্ট্যাটাসও ট্র্যাক করা সম্ভব।