ভোট নিয়ে কী বলছেন ডায়মন্ড হারবারের ভোটাররা?আজ ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে সকাল ৭টা থেকে পুনর্নির্বাচন শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে সন্ধে ৬টা পর্যন্ত। আর এদিন সকাল থেকেই ফের বুথমুখী সাধারণ ভোটার। এমনকী পুনর্নির্বাচন নিয়ে মুখ খুললেন ডায়মন্ড হারবারের সাধারণ ভোটাররা। তাঁদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
এ দিন বছর ২৫-এর পেশায় মৌলানা মুজাহিদ মোল্লা বলেন, 'এখানে প্রতিবারই শান্তিপূর্ণভাবে ভোট হয়। ভোটে মানুষের অংশগ্রহণও অনেক বেশি।'
ও দিকে বছর ৩২-এর বেহালার পোশাক কর্মী নূর সালাম মোল্লার দাবি, 'আমরা ভোট দিয়েছি। ফের এই পুনর্নির্বাচনে অংশ নিচ্ছি। নিজেদের মতামত প্রকাশ করতে পারছি। তাতে আমরা বেশ খুশি।'
যদিও ২৩ বছরের তৌফিক খানের মতামত আলাদা। তিনি বলেন, 'আমরা শুনেছিলাম নির্বাচন কমিশন অনেক পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই পুনর্নির্বাচন আমাদের জন্য খুবই ঝামেলার। আবার ভোট দিতে গিয়ে চাকরির জায়গায় ছুটি নিতে হয়েছে।'
মাথায় রাখতে হবে, এবার ভোট প্রথম থেকেই কড়া হাতে পরিচালনা করার চেষ্টা চালিয়েছে কমিশন। কোথাও বেনিয়মের অভিযোগ প্রমাণিত হলে নতুন করে ভোট করানোর বার্তাও দেওয়া হয়েছিল। সেই মতো ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে শুরু হয়েছে পুনর্নির্বাচন।
মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচন চলছে। ভোট হচ্ছে মগরাহাট পশ্চিমের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১ এবং ২৩২ নম্বর বুথে। ও দিকে ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪ ও ২৪৩ নম্বর বুথে চলছে ভোটগ্রহণ।
ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই মোটামুটি বুথে দেখা গিয়েছে ভোটারের ভিড়। এ দিন সকাল ৯টা পর্যন্ত ডায়মন্ড হারবারে ভোট পড়ল ১৫.৮৩ শতাংশ ও মগরাহাট পশ্চিমে ১৬.৮৮ শতাংশ ভোট পড়ল।
যদিও পুননির্বাচনেও EVM জটিলতা নিয়ে অভিযোগ উঠেছে। ডায়মন্ড হারবার বিধানসভার ২৪৩ নম্বর বুথে EVM-এ গন্ডগোলের অভিযোগ তোলেন ভোটাররা। এক ভোটারের দাবি, তিনি ৩০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। যদিও সার্বিকভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া ঠিকঠাক চলছে বলে এখনও জানিয়েছে কমিশন।