বাংলায় পরিবর্তন শুধু ক্ষমতায় হল না, পরিবর্তন ঘটছে কালীঘাটেও। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে নিশ্ছিদ্র পুলিশি দুর্গ ছিল, তা সরে গিয়েছে রাতারাতি। এখন মমতার পাড়ায় অবাধ যাতায়াত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে Z+ ক্যাটাগরির বাইরেও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন ছিল। সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে জানালেন রাজ্যের DGP সিদ্ধনাথ গুপ্তা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় Z+ নিরাপত্তা পান। Z+ ক্যাটাগরির বাইরেও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন ছিল, সেটাই প্রত্যাহার করা হল।'