
আসানসোলে বিজেপির ‘হাই-প্রোফাইল’ বৈঠক, স্ট্রং-রুমের নিরাপত্তা নিয়ে সংশয়BJP High Level Meeting Asansol: ২০২৬ বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ৪ মে ভাগ্য নির্ধারণ। যা নিয়ে যুযুধান সব দলই দোলাচলে। বিজেপি থেকে তৃণমূল উৎকণ্ঠায় কাটাচ্ছেন ফল ঘোষণার আগের প্রতিটি মুহূর্ত। তৃণমূলের আশঙ্কা ক্ষমতা ধরে রাখা যাবে কি না, বিজেপির সংশয় মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করা গেল কি না। এদিকে গণনার আগেই আসানসোলে তড়িঘড়ি গোপন বৈঠকে বসল গেরুয়া শিবির। লক্ষ্য একটাই, গণনার দিন যেন কোথাও কোনও খামতি না থাকে। শহরের এক হোটেলে আয়োজিত এই বৈঠকে পুরুলিয়া জোনের চার জেলা বাঁকুড়া, বিষ্ণুপুর, আসানসোল এবং পুরুলিয়ার মোট ২৮ জন প্রার্থী হাজির ছিলেন। তবে শুধু প্রার্থীরাই নন, দলের কাউন্টিং এজেন্ট এবং আয়োজকদের উপস্থিতিতে এই বৈঠক কার্যত রণকৌশল ঠিক করার 'মিনি ওয়ার রুম'-এ পরিণত হয়েছিল।
দলীয় সূত্রের খবর, দলের দুই হেভিওয়েট কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও ভূপিন্দর যাদবের উপস্থিতিতে এদিনের সভায় সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, গণনার দিন কোনও রকম কারচুপি রুখতে 'ফুল-প্রুফ' ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবারের নির্বাচনে ৯০ শতাংশের বেশি রেকর্ড ভোটদান নিয়ে তিনি নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ধন্যবাদ জানালেও, কাঁটা হয়ে বিঁধছে স্ট্রং রুমের নিরাপত্তা। অগ্নিমিত্রার প্রশ্ন, খোদ মুখ্যমন্ত্রী কেন স্ট্রং রুমের আশেপাশে ঘোরাফেরা করছেন? তাঁর অভিযোগ, অনেক জায়গায় বাইরের লোকের প্রবেশও দেখা গিয়েছে। প্রার্থীদের হাতে জয়ের শংসাপত্র আসা পর্যন্ত স্বচ্ছতা বজায় রাখার কড়া দাবি তুলেছেন তিনি।
এদিকে এগজিট পোল নিয়ে খুব একটা মাথা ঘামাতে রাজি নয় বিজেপি। অগ্নিমিত্রার দাবি, মানুষের পালস দেখেই তাঁরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। বিশেষ করে এবার আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নজরদারিতে গণনা হবে, যা তাঁদের ভরসা জোগাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, গণনার আগের এই তৎপরতা বুঝিয়ে দিচ্ছে, এবার এক ইঞ্চি জমিও বিনা যুদ্ধে ছাড়তে রাজি নয় বিজেপি।