প্রচারে বেরিয়ে মাথা ফাটল ময়নাগুড়ির বিজেপি প্রার্থীর, রক্তারক্তি কাণ্ডDalim Chandra Roy Head Injury: ভোটের মুখে প্রচারের ময়দানে নেমে দুর্ঘটনার কবলে পড়লেন ময়নাগুড়ির বিজেপি প্রার্থী ডালিম চন্দ্র রায়। সোমবার সন্ধ্যায় ময়নাগুড়ি স্টেশন মোড় এলাকায় জনসংযোগ করার সময় আচমকাই মাথায় চোট পান তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দলীয় প্রার্থীর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ভিড় জমান অসংখ্য বিজেপি কর্মী-সমর্থক।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় স্টেশন মোড় এলাকায় দোকানে দোকানে ঢুকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলেন পদ্ম শিবিরের প্রার্থী। সেই সময় একটি দোকানে ঢোকার মুখে বারান্দার ঝুলে থাকা টিনের কোণ ডালিমবাবুর মাথায় সজোরে আঘাত করে। মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যায় তাঁর মুখ। সঙ্গে থাকা কর্মীরা দেরি না করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, প্রার্থীর মাথায় গভীর ক্ষত তৈরি হওয়ায় দু’টি সেলাই দিতে হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।
হাসপাতালের বেডে শুয়েই ডালিমবাবু জানান, প্রচারের তাড়াহুড়োতেই অসাবধানতাবশত টিনের চালে আঘাত লেগেছে। এই অনভিপ্রেত ঘটনার জেরে সোমবার রাতের সমস্ত দলীয় কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। বিজেপির জেলা সহ-সভাপতি চঞ্চল সরকার বলেন, “প্রার্থীর মাথায় চোট লাগায় আপাতত তাঁকে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রাখা হয়েছে। কয়েকদিন পরেই তিনি ফের পূর্ণোদ্যমে প্রচারের ময়দানে নামবেন।” নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রার্থীর এমন চোট পাওয়ায় কিছুটা চিন্তায় স্থানীয় বিজেপি নেতৃত্ব।