ফাইল ছবি বকেয়া ডিএ (DA)-র দাবিতে রাজ্যে ১০ মার্চ বনধের ডাক দিয়েছে সরকারি কর্মচারীরা। তার আগেই বড় সিদ্ধান্ত নিলেন আন্দোলনকারীরা। এবার তাঁরা কলকাতার রাজপথে নামছেন।
শুক্রবার বিকেলেই কলকাতা শহরে মিছিল করবেন আন্দোলনকারীরা। মিছিলে থাকবে, সংগ্রামী যৌথ মঞ্চের প্রায় ৩২ টি সংগঠন। সরকারি কর্মী-শিক্ষক-অশিক্ষক কর্মীরাও মিছিলে হাঁটবেন। বিকেল ৫ টা থেকে এই মিছিল হবে ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত। ১২ জুলাই কমিটি এই মিছিল ডেকেছে।
এই মিছিল নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহকারী সম্পাদক স্বপন মণ্ডল জানান, মিছিলটি আহ্বান করেছে ১২ জুলাই উদযাপন কমিটি। তবে যৌথ সংগ্রামী মঞ্চের সব সংগঠন এই মিছিলে অংশ নেবে। বকেয়া ডিএ মেটানো, স্বচ্ছ নিয়োগের দাবি, অস্থায়ী কর্মীদের স্থায়িত্ব ও রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার- এই ৪ দাবিতে মিছিল হবে। ১০ তারিখ বনধ ডাকা হয়েছে। সেই বনধ সফল করতে যাতে সরকারি কর্মীরা ভয় না পান, সেজন্য এই মিছিল।
আরও পড়ুন : 'ববি হাকিম আপনি এই সরকারকে নিয়ে অন্য রাজ্যে চলে যান'
এই মিছিল নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, বিকেলেই মিছিল হবে। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা এই মিছিলে অংশ নেবেন। এই সরকার রাজ্যের কর্মীদের উপর বঞ্চনা করছে। বনধ ডাকা হয়েছে। তার আগে এই মিছিল সরকারি কর্মীদের মনোবল আরও বাড়াবে বলেই তাঁরা আশা করছেন।
প্রসঙ্গত, মার্চ থেকে ৩ শতাংশ বর্ধিত হাতে ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। যা নিয়ে খুশি নয় সরকারি কর্মীদের একাংশ। ষষ্ঠ বেতন কমিশন লাগু করার দাবিতে শহিদ মিনার চত্বরে আন্দোলন-অনশন করছে সংগ্রামী যৌথ মঞ্চ। আবার পঞ্চম বেতন কমিশনের বকেয়া মেটানোর দাবিতে মামলা এখন সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন। সেই মামলার শুনানি আছে ১৫ মার্চ।