
কালীপুজোর আগে রঙে পরিবর্তন 'মা' ফ্লাইওভারের নাম ফলকে'রং দে তু মোহে গেরুয়া!' কালীপুজোর আগে রঙে পরিবর্তন 'মা'-এর। এখন সেখানে লেগেছে গেরুয়া-ছোঁয়া। রাজ্য় সরকার বদলের কয়েক মাস পরেই পাল্টে গেল রং। যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে চর্চা। দিন কয়েক আগে বদল করা হয়েছিল 'নবান্ন'।
মমতার দেওয়া নাম
বদল করা হচ্ছে 'মা' ফ্লাইওভারে থাকা নাম ফলকের রং। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটার নামকরণ করেছিলেন। এটা কলকাতার সবথেকে বড় ফ্লাইওভার। এতদিন এই ফ্লাইওভারে থাকা নাম ফলকগুলোর রং ছিল নীল-সাদা। বলা হয়, মমতার পছন্দের রং ছিল সেটা। বৃহস্পতিবার দেখা গেল, সেই রং বদলে গেছে। নীল-সাদাকে সরিয়ে জায়গা নিয়েছে গেরুয়া-সাদা।

এই ফ্লাইওভারে বেশ কয়েকটা নামফলক রয়েছে। প্রতিটা নাম ফলকের রং গেরুয়া সাদা রং করার কাজ শুরু হয়ে গিয়েছে। পথচলতি গাড়িচালকদের নজর এড়ায়নি সেটা। গাড়ি-বাইক চালানোর ফাঁকেই তাঁরা দেখে নিচ্ছেন এই বদল। আর এটাকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা।
আগে নাম ছিল অন্য
বামফ্রন্ট সরকারের শেষের দিকে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইওভার তৈরির কাজ শুরু হয়েছিল। তখন এর নাম ছিল 'পরমা আইল্যান্ড উড়ালপুল'। যেহেতু ওই এলাকার নাম ছিল পরমা আইল্যান্ড। তাই সেই নামেই বাম আমলে ফ্লাইওভারটি তৈরি হয়। তারপর ২০১১ সালে হয় পালা বদল, বাম শাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৫ সালের ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় তিনি নামটাই বদলে দেন। 'পর' বাদ দিয়ে নাম রাখেন 'মা' ফ্লাইওভার।
কী করে নামকরণ
অনেকের মতে ফ্লাইওভারের এই নামটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্লোগান 'মা-মাটি- মানুষ'-এর 'মা' থেকে নেওয়া হয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আগের সরকারের আমলে তৈরি হয়ে যাওয়া একটি ফ্লাইওভারের জাস্ট নাম বদল করে নিজের দল ও সরকারের সঙ্গে সম্পৃক্ত করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীল-সাদা রং করে সেই সম্পৃক্ত করার বিষয়টি সম্পূর্ণ হয়। এ রকম একাধিক উদাহরণ কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গেই রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময়কালে এর রং করা হয় নীল-সাদা। তবে ফের বদলের ছোঁয়া সেই ফ্লাইওভার। তবে দেখা যাচ্ছে, নামফলকের রঙে বদল এলেও ফ্লাইওভারের রঙে আপাতত কোনও পরিবর্তন নেই। মানে উড়ালপুলের রঙ থাকছে নীল-সাদাই।
২০১৬ সালের আগস্ট মাসে এক্সাইড থেকে ইএম বাইপাসমুখী ফ্ল্যাঙ্কটি চালু হয় এবং পরবর্তীতে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এজেসি বোস রোড ফ্লাইওভারের সঙ্গে সংযোগকারী র্যাম্পটি সম্পূর্ণভাবে চালু হয় যা ইএম বাইপাস থেকে এসএসকেএম হাসপাতাল পর্যন্ত বিস্তৃত। এটি কলকাতার দীর্ঘতম ফ্লাইওভার।