
লাঞ্চ করতেই হবে। দুপুরে খাবার না খেলে শরীরের হাল যেতে পারে বিগড়ে। তাই চিকিৎসকেরা সকলকেই সঠিক সময় লাঞ্চ করার পরামর্শ দেন।

তবে শুধু প্রতিদিন লাঞ্চ করলেই চলবে না। সেটা করতে হবে একটা নির্দিষ্ট সময় মেনে। নইলে খাবার খেয়ে কোনও লাভ মিলবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

যদিও মুশকিল হল, এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা লাঞ্চ করতে করতে বেলা ৩টে-৪টে বাজিয়ে দেন। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে।

তাই সময় নষ্ট না করে জেনে নিন যে দেরি করে লাঞ্চ করলে আদতে কী কী বিপদ হতে পারে। তারপর চটজলদি শুধরে যান। আশা করছি, সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।

অনেকক্ষণ পরে লাঞ্চ করলে খিদে পাবে বেশি। যার ফলে অত্যধিক খেয়ে নিতে পারেন। আর সেই কারণে বৃদ্ধি পেতে পারে ওজন। সুতরাং সাবধান হন।

সবার প্রথমে যেই সমস্যাটা হবে, সেটা হল গ্যাস, অ্যাসিডিটি। আপনি দুপুরে ঠিক সময় না খেলে এই সমস্যাই নিতে পারে পিছু। বিশেষত, আইবিএস থাকলে বাড়বে বিপদ। তাই এই রোগীদের সাবধান হতে হবে।

শরীরকে সুস্থ রাখতে চাইলে বিপাকের হার ঠিক রাখতে হবে। আর দেরি করে খেলে মেটাবোলিজম ধীর হয়ে যেতে পারে। যেটা শরীরের জন্য ভাল নয়।

দুপুরে দেরিতে খেলে খাবার খাওয়ার ইচ্ছে কমেও যেতে পারে। যার ফলে কম খেতে পারেন। আর এমনটা দিনের পর দিন চলতে থাকলে পিছু নিতে পারে অপুষ্টি।

এছাড়া দেরি করে লাঞ্চ করলে পিছু নিতে পারে মাথা ব্যথার সমস্যা। বিশেষত, যাঁদের মাইগ্রেন রয়েছে, তাঁদের বিপদ বেশি।

তাই এখন থেকে দুপুর ১২টা থেকে ২টোর মধ্যে সেরে ফেলুন লাঞ্চ। তাতেই সুস্থ থাকার কাজে এক ধাক্কায় অনেকটাই এগিয়ে যাবেন।