
গরম আসছে। শীতে কবজি ডুবিয়ে খেলেও গরমে সকলেই কমবেশি খান বুঝেসুঝে।

বাড়িতে চিকেন-মাটন হলেও গরমে একটু হালকা খেতেই মন চায়।

আর এই সময় দই চিকেনের মতো ভাল পদ আর হয় না।

এই দই চিকেন খেতেও ভাল আর বানানো খুব সহজ। শিখে নিন তাহলে।

উপকরণ
মুরগির মাংস, পেঁয়াজ, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, ফেটানো টক দই, স্বাদমতো নুন, সর্ষের তেল।

প্রথমে মাংসে ফেটানো টক দই, আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে আধ থেকে ১ ঘন্টা রাখতে হবে।

এরপর কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হলে দিতে হবে ম্যারিনেট করা চিকেন।

মাঝারি আঁচে কিছুক্ষণ কষানোর পর কিছুটা গরম জল দিতে হবে। প্রয়োজন মতো খানিকটা টক দইও দেওয়া যায়।

মিনিট দশ পনেরো ভালো করে কষিয়ে মাংস সেদ্ধ হয়ে গেলেই কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

ব্যস তৈরি দই চিকেন। পোলাও, গরম ভাত কিংবা রুটির সঙ্গে ভাল জমবে এই দই চিকেন।