Virat Kohli,Gautam Gambhirক্রিকেট মাঠে তাঁর আচরণের জন্য একাধিকবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন গৌতম গম্ভীর। এখন তিনি ভারতীয় দলের কোচ। তবে তাঁর ব্যবহারে নাকি দলের অনেকেই ক্ষুব্ধ। বিস্ফোরক দাবি করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন। অতুল নিজেও গম্ভীরের মতো দিল্লির হয়ে খেলতেন। তাঁর দাবি, তিনি অনেকের থেকে গম্ভীরকে বেশি চেনেন। সম্প্রতি এক ইউটিউবে একটি ইন্টারভিউতে দাবি করেন, গম্ভীর খুব বেশি আক্রমণাত্মক। মাঝে মাঝে তিনি ধমকও দেন খেলোয়াড়দের।
অতুল জানান, তিনি গম্ভীরের স্বভাব নিয়ে ওয়াকিবহাল। তাঁর কথায়, 'গম্ভীর খেলোয়াড়দের ধমক দিতেন। কথা না শুনলে হিট লিস্টে রেখে দিতেন।সব সময় নিজের ইচ্ছেমতো কাজ করাতে বিশ্বাসী। তবে আত্মবিশ্বাস এবং আক্রমণাত্মক মনোভাবই তাকে একজন সফল ক্রিকেটার বানিয়েছিল।'
বিরাট কোহলির সঙ্গে গম্ভীরের দ্বন্দ্বের কথা সবার জানা। তার কারণও জানিয়েছেন অতুল। দাবি করেন, অতি আক্রমণাত্মক মেজাজ ও কর্তৃত্বপরায়ন ব্যক্তিত্ব মেনে নিতে পারেননি কোহলি। তাই সংঘাত।
গম্ভীরের কোচিং নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, গম্ভীরের কোচিং কখনও ত্রুটিমুক্ত নয়। অনেক খেলোয়াড় গম্ভীরকে পছন্দ করে না। তিনি জানান, 'দল ধারাবাহিকভাবে জিতলে সব ঠিক আছে। না হলে প্রশ্ন উঠবেই। গম্ভীরের রেকর্ড ও কোচিং শৈলী কখনও প্রশ্নের ঊর্ধ্বে নয়। আমি জানি ওঁর কোচিংয়ে সব খেলোয়াড় সন্তুষ্ট নন। অনেকে চাপে থাকেন। আমি এমন কয়েকজনকে চিনি। তাদের নাম প্রকাশ করব না।'
প্রসঙ্গত, গৌতম গম্ভীর এবং অতুল ওয়াসনের মধ্যে আগেও বিবাদ হয়েছে। গম্ভীরকে দিল্লি দলের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছিল, তখন ওয়াসন নির্বাচক কমিটির অংশ ছিলেন। সেই সময় গম্ভীর অভিযোগ করেছিলেন, তাঁকে না জানিয়েই অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে।
এদিকে অতুল ওয়াসনের মন্তব্য নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা গৌতম গম্ভীরের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।