GT vs PBKS IPL 2026 Highlights: শেষ বলের থ্রিলারে বাজিমাত গুজরাত টাইটান্সের, আমেদাবাদে প্রথম হার পঞ্জাব কিংসের

GT vs PBKS IPL 2026 Highlights: ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লিগ টেবিলের শীর্ষে থাকা পঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করল শুভমন গিলের গুজরাট টাইটানস।

Advertisement
শেষ বলের থ্রিলারে বাজিমাত গুজরাত টাইটান্সের, আমেদাবাদে প্রথম হার পঞ্জাব কিংসেরপঞ্জাব কিংসের প্রথম হার, গুজরাত টাইটান্সের জয়

GT vs PBKS IPL 2026 Highlights: রবিবাসরীয় আমেদাবাদ দেখল আইপিএলের এক রুদ্ধশ্বাস নাটক। ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লিগ টেবিলের শীর্ষে থাকা পঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করল শুভমন গিলের গুজরাট টাইটানস। শেষ ওভারের নাটকীয়তায় পঞ্জাবের হাতের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন ওয়াশিংটন সুন্দর। ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেল টাইটানরা।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই সিরাজ-ঝড়ে দিশেহারা হয়ে পড়ে পঞ্জাব কিংস। প্রথম ওভারেই প্রিয়াংশ আর্য (২) ও কুপার কোনোলিকে (০) ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। মাত্র ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে যখন পঞ্জাব ধুঁকছে, ঠিক তখনই রুখে দাঁড়ান তরুণ সূর্যাংশ সেডগে। মাত্র ২৯ বলে ৫৭ রানের (৩টি চার, ৫টি ছক্কা) এক ঝোড়ো ইনিংস খেলে দলের হাল ধরেন তিনি। সঙ্গী হিসেবে মারকাস স্টোইনিস করেন ৩১ বলে ৪০ রান। তাঁদের ৭৯ রানের জুটির সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে পঞ্জাব। গুজরাটের হয়ে বল হাতে আগুন ঝরান জেসন হোল্ডার, মাত্র ২৪ রান দিয়ে নিলেন ৪টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক শুভমন গিল (৫) দ্রুত ফিরলেও সাই সুদর্শনের ব্যাট শান্ত থাকেনি। ৪১ বলে ৫৭ রানের লড়াকু ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন তিনি। জস বাটলার করেন ২৬ রান। তবে মাঝপথে অর্শদীপ সিং ও বৈশাকের বোলিংয়ে ম্যাচে ফিরেছিল পঞ্জাব। শেষ দিকে জয়ের জন্য দরকার ছিল রুদ্ধশ্বাস লড়াই। আর সেখানেই মাথা ঠান্ডা রেখে ২৩ বলে অপরাজিত ৪০ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচ বের করে নেন ওয়াশিংটন সুন্দর। শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ের ফলে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গুজরাট এখন টেবিলের পাঁচ নম্বরে। অন্যদিকে, হারলেও ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে শ্রেয়াস আইয়ারের পঞ্জাব। মুখোমুখি সাক্ষাতে এই দুই দলের লড়াই এখন ৪-৪ ব্যবধানে সমানে সমান। লিগের শেষ পর্যায়ে এসে এই জয় প্লে-অফের দৌড়ে গুজরাটকে অক্সিজেন দিল, তা বলাই বাহুল্য।

Advertisement

 

 

POST A COMMENT
Advertisement