পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত? সিদ্ধান্ত জানাল কেন্দ্র

একইভাবে, ভারতে আয়োজিত কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের খেলোয়াড়দের অংশগ্রহণও সম্ভব হবে। এই নীতি প্রথম চালু হয় ২০২৫ সালের অগাস্টে, যখন এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়।

Advertisement
পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত? সিদ্ধান্ত জানাল কেন্দ্র  প্রতীকী ছবি
হাইলাইটস
  • পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল কেন্দ্রীয় সরকার
  • মন্ত্রক এ-ও জানিয়েছে যে আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল কেন্দ্রীয় সরকার। বুধবার জারি করা এক নির্দেশিকায় ক্রীড়া মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারতীয় দল পাকিস্তানে কোনও দ্বিপাক্ষিক প্রতিযোগিতায় অংশ নেবে না। পাকিস্তান দলকেও ভারতে এমন ম্যাচ খেলার অনুমতি দেওয়া হবে না।

তবে মন্ত্রক এ-ও জানিয়েছে যে আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। অর্থাৎ, কোনও টুর্নামেন্টে যদি ভারত ও পাকিস্তান দু’দেশই অংশগ্রহণ করে, তাহলে ভারতীয় খেলোয়াড়রা সেখানে খেলতে পারবেন। 

একইভাবে, ভারতে আয়োজিত কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের খেলোয়াড়দের অংশগ্রহণও সম্ভব হবে। এই নীতি প্রথম চালু হয় ২০২৫ সালের অগাস্টে, যখন এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়। পহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে ভারত সংশ্লিষ্ট বিশ্ব ক্রীড়া সংস্থাগুলির নির্দেশিকা এবং নিজেদের খেলোয়াড়দের স্বার্থকে অগ্রাধিকার দেবে। এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ, কারণ ভারত ২০৩০ সালের কমনওয়েলথ গেমস এবং ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের দাবিদার।

ভারতকে একটি পছন্দের ক্রীড়া গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার খেলোয়াড়, কোচ, টেকনিক্যাল স্টাফ এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা করেছে। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার পদাধিকারীদের তাঁদের দায়িত্বকালের জন্য সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত মাল্টি-এন্ট্রি ভিসা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। পাশাপাশি, এই সংস্থাগুলির প্রধানরা ভারতে এলে তাঁদের জন্য সব ধরনের প্রোটোকল ও সুবিধা নিশ্চিত করা হবে।

এদিকে, মন্ত্রক একটি বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে তাদের দফতর শাস্ত্রী ভবন থেকে সরিয়ে নেতাজি নগর-এ নতুন কমপ্লেক্সে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। 

POST A COMMENT
Advertisement