অঙ্গকৃষ্ণ রঘুবংশীইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান অঙ্গকৃষ্ণ রঘুবংশীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে রঘুবংশীকে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। রবিবার রাতের ম্যাচটি সুপার ওভারে গড়ায়, যেখানে কেকেআর জয় পায়।
কোন আইনে শাস্তি হল রঘুবংশীর?
আইপিএল একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রতিযোগিতার নিয়মের ২.২ ধারা ভেঙেছেন রঘুবংশী। তাই তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ডি-মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে। বলা হয়েছে, 'ম্যাচ চলাকালীন ক্রিকেটীয় সরঞ্জামের অবহেলা করেছেন রঘুবংশী। তাই তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। রঘুবংশী নিজের অপরাধ স্বীকার করেছেন। তাই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।'
কী ঘটেছে?
লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটে। আইপিএল ৩৮তম ম্যাচে, কলকাতার ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার জন্য রঘুবংশীকে আউট দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর তিনি মেজাজ হারান।
রাগের মাথায় তিনি প্রথমে ব্যাট দিয়ে বাউন্ডারি কুশনে আঘাত করেন এবং তারপর ডাগ আউটের দিকে নিজের হেলমেট ছুঁড়ে মারেন। আইপিএল আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, ম্যাচ চলাকালীন রাগের মাথায় ব্যাট, হেলমেট বা ফিল্ডিংয়ের সরঞ্জাম দিয়ে আঘাত করাবাতা ছুঁড়ে মারা নিয়মের সরাসরি লঙ্ঘন।
ম্যাচ রেফারি এটিকে প্রথম স্তরের অপরাধ হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। সৌভাগ্যবশত, রঘুবংশী নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় বিষয়টি আর এগোয়নি।
আইপিএল এই ধরনের বিষয়ে ক্রমশ কঠোর হচ্ছে। খেলার মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখতে খেলোয়াড়দের আচরণের ওপর কড়া নজর রাখা হচ্ছে। মাঠে আবেগ নিয়ন্ত্রণের গুরুত্বের আরেকটি উদাহরণ হয়ে উঠল রঘুবংশীর ঘটনাটি।