এমআই বনাম পিবিকেএস, আইপিএল ২০২৬ফের হার। লিগ টেবিলে কিছুতেই উপরের দিকে উঠতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্স। পারফর্ম করতে পারছেন না তারকা ক্রিকেটাররা। বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর, ড্রেসিংরুমে 'কঠিন সিদ্ধান্ত' নেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।
ম্যাচ শেষে হতাশ পান্ডিয়া বলেন, 'আমাদের দেখতে হবে যে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে, নাকি আমরা যেভাবে আছি সেভাবেই চালিয়ে যাব। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খুঁজে বের করতে হবে এবং এর দায়িত্বও নিতে হবে। আমাদের নতুন করে ভাবতে হবে এবং বুঝতে হবে কোথায় কোথায় ঘাটতি রয়েছে- সেটা ব্যক্তিগতভাবে হোক, দল হিসেবে হোক, বা আমাদের পরিকল্পনায়।'
তবে, পান্ডিয়া প্রতিপক্ষের প্রশংসা করে স্বীকার করেছেন যে পিবিকেএস প্রতিটি বিভাগেই ভালো খেলেছে। তিনি বলেন, 'ওরা আমাদের চেয়ে ভালো বোলিং, ব্যাটিংও ফিল্ডিং করেছে। এ কারণেই আমাদের পরাজয় হয়েছে।'
হার্দিক পান্ডিয়ার বক্তব্যের পর ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, বুমরা, তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদবের মধ্যে এক বা দু'জন পরবর্তী ম্যাচে দলের বাইরে থাকতে পারেন। পঞ্জাবের বিপক্ষে ম্যাচে সূর্যকুমার শূন্য রানে আউট হন, তিলক ভার্মা আটরান করেন, আর বুমরাহ চার ওভারে ৪১ রান দিয়ে কোনো উইকেট পাননি। এ কারণেই মুম্বই ইন্ডিয়ান্স টানা চারটি ম্যাচ হেরেছে এবং পরবর্তী এক বা দুটি ম্যাচে যদি তারা ঘুরে দাঁড়াতে না পারে, তবে প্লে-অফে যাওয়ার পথ তাদের জন্য কঠিন হয়ে পড়বে।
তাহলে হার্দিক মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড থেকে কাকে বাদ দেবেন?
এই মৌসুমে মুম্বই ইন্ডিয়ান্সের বড় নামগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি। পঞ্জাবের বিপক্ষে সূর্যকুমার যাদব গোল্ডেন ডাকের শিকার হয়ে কোনো রান না করেই আউট হন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তার রান মাত্র ১০৬, যাতার সামর্থ্যের তুলনায় অনেক কম বলে মনে করা হচ্ছে।
এ দিকে, জসপ্রিত বুমরাহর পারফরম্যান্স দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি এই মৌসুমে ১৯ ওভার বল করলেও এখনো কোনো উইকেট নিতে পারেননি। তার এই ফর্ম মুম্বই ইন্ডিয়ান্সের ওপর বড় ধ্বনের চাপ সৃষ্টি করছে বলে মনে হচ্ছে।
শুধু তাই নয়, তিলক ভার্মাও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সম্প্রতি টি-টোয়েন্টিতে ভারতীয় দলের হয়ে ভালো পারফর্ম করা তিলক আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত কোনো ছাপ ফেলতে পারেননি। তিনি পাঁচটি ম্যাচে মাত্র ৪৩ রান করেছেন।
এই ধারাবাহিক হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, টিম ম্যানেজমেন্ট কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারে। আসন্ন ম্যাচগুলোতে বুমরাহ, তিলক ভার্মা বা সূর্যকুমার যাদবসহ এক বা দুজন খেলোয়াড়কে বেঞ্চে বসিয়ে রাখা হতে পারে।