IPL 2026 Playoff Qualified Teams: IPL থেকে বিদায় KKR-এর, জিতেই প্লে-অফে রাজস্থান; আশা শেষ পঞ্জাবেরও

IPL 2026 Playoff Qualified Teams: রাজস্থানের এই জয়ে এক লহমায় স্বপ্নভঙ্গ হলো পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের। মরশুমের শুরুতে পঞ্জাব দুর্দান্ত ছন্দে থাকলেও, মাঝপথে টানা হারই ডোবাল শ্রেয়সদের। আর কেকেআর শেষ পর্যন্ত লড়াই চালালেও, অন্যের দয়ার ওপর বেঁচে থাকার খেসারত দিতে হলো তাদের।

Advertisement
IPL থেকে বিদায় KKR-এর, জিতেই প্লে-অফে রাজস্থান; আশা শেষ পঞ্জাবেরওIPL থেকে বিদায় KKR-এর, জিতেই প্লে-অফে রাজস্থান; বিদায় পঞ্জাবেরও

IPL 2026 Playoff Qualified Teams: প্লে-অফের মীমাংসা হল আইপিএল ২০২৬-এর লিগ পর্যায়ের শেষ দিনে। কে হবে প্লে-অফের চতুর্থ দলটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ আগেই শেষ চারের টিকিট পকেটে পুরে ফেলেছিল।বাকি থাকা একমাত্র আসনটির জন্য লড়াই চলছিল তিন দলের মধ্যে, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস অবশ্য আগেই এই ইঁদুরদৌড় থেকে ছিটকে গিয়ে সাইডলাইনে বসে পড়েছিল।

ফাইনাল ফোরের সমীকরণটা ছিল চরম জটিল। লিগের শেষ ম্যাচে লখনউ সুপার জায়েন্টসকে হারিয়ে টেবিল জমিয়ে দিয়েছিল পাঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে এসেছিল এক রাজকীয় শতরান। ১৪ ম্যাচ শেষে ১৫ পয়েন্টে দাঁড়িয়ে প্রীতির পাঞ্জাব তখন শুধু চাতক পাখির মতো তাকিয়ে ছিল ওয়াংখেড়ের দিকে। কারণ সমীকরণ স্পষ্ট ছিল। রাজস্থান হারলেই কপাল খুলবে পাঞ্জাবের। অন্যদিকে শেষ মুহূর্তে মিরাকেলের অপেক্ষায় প্রহর গুনছিল কেকেআর-ও। বেগুনি-সোনালি শিবিরের প্লে-অফে যাওয়ার লাইফলাইন টিকে ছিল শুধু নিজেদের জয়ের পাশাপাশি রাজস্থান ও পাঞ্জাবের যুগপৎ হারের ওপর। কিন্তু শেষরক্ষা হলো না।

রবিবাসরীয় রাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। এই মরণ-বাঁচন ম্যাচে অবশ্য দলের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার মতো এক চরম ঝুঁকি নিয়ে বসেছিল মুম্বই। আর সেই সুযোগের সদ্ব্যবহার করতে বিন্দুমাত্র ভুল করেননি সঞ্জু স্যামসনের ছেলেরা। পাহাড়প্রমাণ চাপের মুখে মিডল অর্ডারের অনবদ্য লড়াইয়ের ওপর ভর করে ২০৫/৮ রানের বিশাল স্কোরবোর্ড খাড়া করে রাজস্থান রয়্যালস। জবাবে রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুম্বইয়ের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। ২০ ওভারে ১৭৫/৯ রানেই থমকে যায় হার্দিকদের ইনিংস। ৩০ রানে ম্যাচ জিতে সোজা প্লে-অফে পা রাখল রাজস্থান রয়্যালস।

রাজস্থানের এই জয়ে এক লহমায় স্বপ্নভঙ্গ হলো পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের। মরশুমের শুরুতে পঞ্জাব দুর্দান্ত ছন্দে থাকলেও, মাঝপথে টানা হারই ডোবাল শ্রেয়সদের। আর কেকেআর শেষ পর্যন্ত লড়াই চালালেও, অন্যের দয়ার ওপর বেঁচে থাকার খেসারত দিতে হলো তাদের। অবশেষে চূড়ান্ত হয়ে গেল আইপিএল ২০২৬-এর শেষ চার। আরসিবি, গুজরাত টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। প্লে-অফের মেগা শিডিউল অনুযায়ী, কোয়ালিফায়ার-১-এ মুখোমুখি হচ্ছে আরসিবি ও গুজরাত। অন্যদিকে ডু-অর-ডাই এলিমিনেটর ম্যাচে লড়াই হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের। কোয়ালিফায়ার-১-এর পরাজিত দল এবং এলিমিনেটরের জয়ী দল খেলবে কোয়ালিফায়ার-২। আর সেখান থেকেই মিলবে মহাযুদ্ধের ফাইনালের টিকিট।

Advertisement

 

POST A COMMENT
Advertisement