তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারিManoj Tiwary quits TMC: গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। বিধানসভা নির্বাচনে ভরাডুবির রেশ কাটতে না কাটতেই এবার জোড়াফুল শিবিরে বড়সড় ভাঙন। ভোটের ফল বেরোনোর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিদায়ী ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তবে শুধু দলত্যাগই নয়, বিদায়বেলায় বিদায়ী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন, বাংলার ক্রীড়া জগৎ সম্পর্কে মন্ত্রীর নূন্যতম জ্ঞানটুকুও নেই।
পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজের বিস্ফোরক দাবি, "অরূপ দা কোনও খেলার এ, বি, সি, ডি-ও জানেন না।" এখানেই শেষ নয়, বঞ্চনার অভিযোগ তুলে প্রাক্তন এই ব্যাটার বলেন, বহু অনুষ্ঠানে তাঁকে এবং অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হলেও মনোজকে মঞ্চে ডাকার প্রয়োজন মনে করত না কর্তৃপক্ষ। এমনকী ডুরান্ড কাপের ট্রফি উন্মোচনের পর সংবাদপত্রে মনোজের ছবি প্রকাশিত হওয়ায় পরবর্তী অনুষ্ঠানগুলো থেকে তাঁকে ব্রাত্য করে রাখা হয়েছিল বলেও অভিযোগ।
তৃণমূলের অন্দরের এই ডামাডোলের মাঝেই মনোজ মনে করিয়ে দিয়েছেন কলকাতায় মেসি-বিপর্যয়ের কথা। বিজেপির পাপিয়া অধিকারীর কাছে ৬ হাজার ভোটে পরাজিত অরূপ বিশ্বাসের আমলে যুবভারতীতে লিওনেল মেসির সফর ছিল চরম বিশৃঙ্খল। সাধারণ মানুষ টিকিট কেটেও মহাতারকাকে দেখতে পাননি, যা নিয়ে আজও বিতর্ক রয়েছে। মনোজের কথায়, "আমি জানতাম ওই অনুষ্ঠানটি একটা জগাখিচুড়ি হবে, তাই যাইনি। সাধারণ মানুষকে ঠকানো হচ্ছিল ওখানে।" তাঁর আরও অভিযোগ, বারবার স্পোর্টস পলিসি তৈরির কথা বললেও কর্ণপাত করেননি অরূপ বিশ্বাস।
উল্লেখ্য, বাংলায় এই প্রথমবার গেরুয়া ঝড় আছড়ে পড়েছে। গঙ্গার পাড়ে ফুটল পদ্ম। রাজনীতিকে বিদায় জানিয়ে মনোজ এখন ক্রিকেটের বাইশ গজে ফিরতে চান কোচ হিসেবে। আপাতত অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইচ্ছা তাঁর নেই বলেই খবর।