RCB vs MI IPL 2026: ভুবনেশ্বর-ক্রুনালের যুগলবন্দীতে শেষ বলের থ্রিলারে কেল্লাফতে RCB-র, কার্যত বিদায় মুম্বইয়ের

RCB vs MI IPL 2026: ম্যাচের নায়ক হয়ে রইলেন ক্রুণাল পাণ্ডিয়া ও ভুবনেশ্বর কুমার। একপক্ষে ভুবির বিষাক্ত বোলিং আর অন্যপক্ষে ক্রুণালের দাঁতে দাঁত চাপা লড়াই, এই দুইয়ের দাপটে ম্লান হয়ে গেল তিলক বর্মার লড়াকু ইনিংস।

Advertisement
ভুবনেশ্বর-ক্রুনালের যুগলবন্দীতে শেষ বলের থ্রিলারে কেল্লাফতে RCB-র, কার্যত বিদায় মুম্বইয়েরভুবনেশ্বর কুমার, ক্রুনাল পাণ্ডিয়ার ব্যাটে জয় আরসিবির

RCB vs MI IPL 2026: আইপিএলের ৫৪ নম্বর ম্যাচে রবিবাসরীয় রাতে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে ২ উইকেটে হারিয়ে প্লে-অফের দৌড় থেকে হার্দিক-হীন নীল বাহিনীকে একপ্রকার ছিটকে দিল রজত পাতিদারের দল। ম্যাচের নায়ক হয়ে রইলেন ক্রুণাল পাণ্ডিয়া ও ভুবনেশ্বর কুমার। একপক্ষে ভুবির বিষাক্ত বোলিং আর অন্যপক্ষে ক্রুণালের দাঁতে দাঁত চাপা লড়াই, এই দুইয়ের দাপটে ম্লান হয়ে গেল তিলক বর্মার লড়াকু ইনিংস।

টসে জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। হার্দিকের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবের হাতে ছিল মুম্বইয়ের নেতৃত্ব। কিন্তু ইনিংসের শুরুতেই বিপর্যয় নামে মুম্বই শিবিরে। প্রথম ওভারেই রায়ান রিকেলটনকে ড্রেসিংরুমে ফেরান ভুবনেশ্বর কুমার। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই রোহিত শর্মা ও সূর্যকুমারকেও আউট করে মুম্বইয়ের টপ-অর্ডার ধসিয়ে দেন ভুবি। মাত্র ৪ ওভারে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ৩৪/৩। এরপর তিলক বর্মা (৪২ বলে ৫৭) ও নমন ধীর ইনিংস গড়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ভুবি ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে পৌঁছে যান। শেষ পর্যন্ত মুম্বই ২০ ওভারে ১৬৬/৭ রানে আটকে যায়।

জবাবে রান তাড়া করতে নেমে চরম নাটকীয়তার সাক্ষী থাকে স্টেডিয়াম। প্রথম বলেই বিরাট কোহলিকে আউট করে গ্যালারি স্তব্ধ করে দেন দীপক চাহার। টানা দ্বিতীয় ম্যাচে ‘গোল্ডেন ডাক’ মারলেন বিরাট। এরপর দ্রুত আউট হয়ে যান পাটিক্কাল ও অধিনায়ক পাতিদার নিজেও। এক সময় জীতেশ শর্মা ও টিম ডেভিডকে ফিরিয়ে করবিন বোশ যখন জোড়া ধাক্কা দিলেন, তখন আরসিবির জয় অসম্ভব মনে হচ্ছিল।

ঠিক সেই সময় ত্রাণকর্তা হয়ে দাঁড়ান ক্রুণাল পাণ্ডিয়া। পেশিতে টান (Cramps) নিয়েও মাঠ ছাড়েননি তিনি। খেললেন দুরন্ত ৭৩ রানের একটি ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন জ্যাকব বেথেল। শেষ ওভারের স্নায়ুর যুদ্ধে ভুবনেশ্বর কুমারের ছক্কা ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ২ উইকেট হাতে থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। এই জয়ের ফলে আরসিবি শেষ চারের লড়াইয়ে টিকে থাকলেও, মুম্বইয়ের সামনে এখন শুধুই অন্ধকার।

Advertisement

 

POST A COMMENT
Advertisement