সূর্যকুমার যাদবভারতকে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) জেতানো ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বাবা হলেন। বিশ্বকাপের সময়ই তাঁর স্ত্রী দেবিশা শেঠি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গিয়েছিল। আর এবার জন্ম হল তাঁদের মেয়ের। টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে একটি ভিডিও সামনে আসে, সেটি তাঁর স্ত্রী দেবিশার বেবি শাওয়ারের ভিডিও। এরপরেই ভারতীয় দলের সমর্থকদের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিও। আর বৃহস্পতিবার শোনা গেল স্কাইয়ের বাবা হওয়ার খবর।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি পোস্ট ও কিছু রিপোর্ট মারফত জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবের পরিবারে কন্যা সন্তান এসেছে। আজই এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সূর্য স্ত্রী দেবিশা। এ নিয়ে অবশ্য ভারতীয় তারকা তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত কিছুই জানাননি। তবে এক্স হ্যান্ডেলে গৌরব গুপ্তা নামক এক ব্যক্তি সূর্যের পরিবার বড় হওয়ার খবর জানিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
বলাই বাহুল্য, ২০১৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সূর্যকুমার যাদব এবং দেবিশা শেঠি। কমবেশি প্রত্যেকেই জানেন, নিজেদের কলেজ জীবনে দুজন দুজনের প্রেমে পড়েছিলেন তাঁরা। পরবর্তীতে সেই সম্পর্ক পরিণতি পায় বিবাহে। এর মাঝে আত্মীয় স্বজনদের কাছ থেকে নতুন সন্তান কবে আসছে বা শুভ খবর কবে পাবেন তা নিয়ে নানান কথা শুনতে হয়েছিল তাঁদের! অবশেষে মিটল সেই অপেক্ষা। দায়িত্ব বাড়ল ভারতীয় ক্রিকেটারের।
প্রসঙ্গত, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই মুহূর্তে খুব একটা ভাল অবস্থায় নেই সূর্যর দল মুম্বই ইন্ডিয়ান্স। ৬ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে তারা। আগামী রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পরবর্তী ম্যাচ রয়েছে MI এর। যদিও কয়েকটি রিপোর্ট বলছে, সদ্য বাবা হওয়ায় এই ম্যাচে উপস্থিত নাও থাকতে পারেন স্কাই। সেক্ষেত্রে ক্যাপ্টেন্সি কে করবেন সেটাই এখন বড় প্রশ্ন। মনে করা হচ্ছে, রোহিত শর্মাকে ক্যাপ্টেন করে দেওয়া হতে পারে।