বিনোদ কাম্বলি থানের হাসপাতালে ভর্তিসুস্থ রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। গতকাল জানা গিয়েছিল, বিনোদ কাম্বলি অসুস্থ। যে কোনও সময় তাঁর স্ট্রোক হতে পারে বলে উদ্বেগ ছড়িয়েছিল। তাঁর ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কুটো জানিয়েছেন, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে রয়েছে। ডাক্তাররা যে কোনও সময় ব্রেন স্ট্রোকের আশঙ্কা করছেন। এবার তাঁর স্ত্রী জানিয়ে দিলেন কাম্বলি সম্পূর্ণ সুস্থ।
এর আগে মার্কাস জানান, কাম্বলির আর্থিক সমস্যায় জর্জরিত। ফলে প্রাক্তন ক্রিকেটাররা নিজেরা একটি গ্রুপ বানিয়ে তাঁকে আর্থিক সাহায্য করছেন। যদিও এবার কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া হিউয়িট বড় আপডেট দিলেন। তিনি জানিয়েছেন, কাম্বলিকে নিয়ে সম্প্রতি যে খবর রটেছে তা পুরোই গুজব। তিনি নিজেই নাকি এইসব খবর জেনে হতবাক। আন্দ্রিয়া জানিয়েছেন, তাঁর স্বামী ভাল আছেন।
আন্দ্রিয়া বলেছেন, 'ঈশ্বরের কৃপায় বিনোদ ভাল আছে। জানি না ওর শারীরিক অবস্থা নিয়ে কে এসব গুজব ছড়াচ্ছে।' তবে কাম্বলির ঘনিষ্ঠ বন্ধু কুটোর দেওয়া তথ্য সম্পূর্ণ উল্টো। ইতিমধ্যে জানা গিয়েছে, কাম্বলিকে আর্থিক সাহায্য করতে প্রাক্তনরা একজোট হয়েছেন। তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন। সেখানে সচিন তেন্ডুলকরও যোগ দিয়েছেন।
গত কয়েক বছর ধরে শারীরিক ও মানসিক সমস্যায় জর্জরিত কাম্বলি। আর্থিক সমস্যাও রয়েছে। কাম্বলির স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে ক্রমশ। ফলে তিনি এখন অনেক চেনা স্মৃতিও আর মনে করতে পারছেন না। মদ্যপান তিনি ছেড়ে দিয়েছেন। তবে ধূমপানের প্রতি আসক্তি রয়েছে। দুর্বল স্মৃতিশক্তির কারণে কাম্বলি ভুলে যাচ্ছে যে তাঁর ধূমপান করা উচিত নয়।
চলতি বছরের মার্চ মাসে আনশ ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার সময় বিনোদ কাম্বলিকে জনসমক্ষে দেখা গিয়েছিল। মুম্বইয়ের এই কিংবদন্তিকে দুর্বল দেখাচ্ছিল এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে তাঁর একজন মানুষের সাহায্যের প্রয়োজন ছিল। তবে ব্যাটিং করা ভোলেননি কাম্বলি। খুদে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটে মেতে উঠতে দেখা যায় তাঁকে। বেশ কয়েকটা বলও খেলেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।