
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের (World Test Championship Final) জন্য যেন নতুন উদ্যম পেল ভারত। শ্রীলঙ্কায় প্রথম টেস্টে ১৬৫ রানে জিতে ভারত বুঝিয়ে দিল, বিদেশের মাটিতেও টিম ইন্ডিয়া দুর্ধর্ষ।

এই টেস্ট সিরিজে ভারতের পারফর্ম্যান্সের উপরে অনেক কিছু নির্ভর করছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়াও প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকারের চাকরি থাকবে কি, থাকবে না, তাও নির্ভর করছে এই সিরিজের উপরে। তবে গল টেস্টে ভারতের কাছে বড় প্রাপ্তি মানব সুতার। ৫৫ রান দিয়ে ৬ উইকেট তুললেন টিম ইন্ডিয়ার এই বিস্ময় স্পিনার।

ম্যাচের শেষ ১০ বলে ৪ উইকেট তুললেন মানব। গোটা দিনে ভারতের স্পিনাররা উইকেট তুলতে বেশ বেগ পেলেন। শেষ উইকেটটি পড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই স্টেডিয়ামে মুষলধারে বৃষ্টি নামে। ফলে দ্রুত মাঠ ছেড়ে ইনডোরে চলে যেতে বাধ্য হন দুই দলের ক্রিকেটাররা।

এ দিন শুরুতেই বৃষ্টির আশঙ্কা ছিল। আবহাওয়ার পূর্বাভাসও বলছিল, বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যেতে পারে। ম্যাচ ড্র হলে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযানে বড় ধাক্কা খেত ভারত। বর্তমানে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে টিম ইন্ডিয়া।

ম্যাচে যখন বেশ কিছুক্ষণ কোনও উইকেট পড়ছিল না, বেশ ঝিমিয়ে পড়েছিল, ঠিক তখনই ভারতের হেডকোচ গৌতম গম্ভীর রবীন্দ্র জাডেজার সঙ্গে কথা বললেন। জাডেজার বোলিং এন্ড এবং বল করার অ্যাঙ্গেল বদলের টিপস দিলেন গম্ভীর। তাতেই কাজ হল।

এতক্ষণ সহজেই রক্ষণ সামলাচ্ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। কিন্তু জাডেজা বারবার স্টাম্প লক্ষ্য করে বল করতে থাকায় চাপে পড়ে যান তিনি। শেষ পর্যন্ত প্যাডেল সুইপ করতে গিয়ে ব্যাটের উপরের কানায় বল তুলে দেন ডি সিলভা। সেটিই দিনের প্রথম উইকেট। ভেঙে যায় ডি সিলভা ও তাঁর সঙ্গীর ৯৫ রানের জুটি।

এরপর লাঞ্চের আগেই আরও একটি উইকেট তুলে নেয় ভারত। আউট হন নিরোশন ডিকওয়েলা। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিজের অধিনায়কের মতো দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু যশস্বী জয়সওয়াল বারবার তাঁকে ছক্কা মারার জন্য উস্কাচ্ছিলেন।

শেষ পর্যন্ত যশস্বীর স্লেজিংয়ে প্রভাবিত হয়ে প্রসিদ্ধ কৃষ্ণকে আক্রমণ করতে যান ডিকওয়েলা। কাট শট খেলতে গিয়ে ব্যাটের কানায় বল লাগে এবং তা চলে যায় উইকেটকিপারের হাতে।

প্রথম ইনিংসে দিনুশার সঙ্গে ১৪৬ রানের জুটি গড়া ডিকওয়েলার এই উইকেট ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাঁর আউটের পরই ম্যাচ জেতার আত্মবিশ্বাস ফিরে পায় ভারত।

শ্রীলঙ্কার ইনিংসে ভারত নাটকীয় ভাবে ধস নামালেও ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল ভারত। এর অন্যতম কারণ প্রথম ইনিংসে দেবদত্ত পাডিক্কালের দুর্দান্ত ১৬৭ রান। পুরো টেস্টে ১০টি উইকেট তুলে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সুতারও।

ভারতের তিন নম্বর ব্যাটার সাই সুদর্শন চোট পাওয়ায় এই সিরিজে দলে সুযোগ পেয়েছিলেন পাডিক্কাল। ঘূর্ণি পিচে তাঁর ব্যাটিং ভারতকে কোনও রকম চাপের মধ্যে পড়তে দেয়নি। প্রথম ইনিংসে কেএল রাহুলের সঙ্গে ১৬২ রানের জুটি গড়েন তিনি। এই জুটির সুবাদে বড় রান করে ভারত।