
ক্রিকেটের নন্দনকানন থেকে শুরু করে মোহালি কিংবা চিন্নাস্বামী, বাইশ গজে উত্তেজনার পারদ আরও চড়তে চলেছে। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ২০২৬ আইপিএলের দ্বিতীয় পর্যায়ের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দিল।

প্রথম পর্যায়ের পর এবার দ্বিতীয় দফায় দেশের ১২টি শহরকে বেছে নেওয়া হয়েছে ক্রিকেটের এই মহোৎসব আয়োজনের জন্য।

আরসিবি-র মালিকানা বদল থেকে শুরু করে কোহলি-ধোনিদের ফর্ম, সব মিলিয়ে আইপিএল নিয়ে যখন দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই বিসিসিআই-এর এই মেগা ঘোষণা ক্রিকেট ভক্তদের রক্তে বাড়তি অ্যাড্রিনালিন জোগাবে।

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের ভৌগোলিক বৈচিত্র্য ও সমর্থকদের চাহিদার কথা মাথায় রেখেই ১২টি ভিন্ন ভেন্যুকে চূড়ান্ত করা হয়েছে। সূচি অনুযায়ী, দ্বিতীয় পর্বে থাকছে বেশ কিছু রোমহর্ষক ডাবল হেডার এবং নৈশালোকের লড়াই।

কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর ভক্তদের জন্য সুখবর হলো, ইডেন গার্ডেন্সে বেশ কয়েকটি হাই-ভোল্টেজ ম্যাচ আয়োজিত হতে চলেছে। এছাড়াও ধর্মশালার হিমশীতল আবহাওয়া কিংবা চেন্নাইয়ের তপ্ত গুমোট, সব ধরণের পিচেই এবার ক্রিকেটারদের কঠিন পরীক্ষা দিতে হবে।

বোর্ড কর্তারা নিশ্চিত করেছেন যে, প্রতিটি মাঠেই দর্শক ও ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।আইপিএলের এই দ্বিতীয় পর্বের সূচি নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে। ইডেন বা ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে কোমর বাঁধছেন সমর্থকরা।

বিশেষ করে উইকএন্ডের ম্যাচগুলোর টিকিট নিয়ে এখনই হুড়োহুড়ি পড়ার জোগাড়। বিসিসিআই-এর এই ১২ ভেন্যুর পরিকল্পনা ভারতের প্রতিটি প্রান্তে ক্রিকেটের উন্মাদনাকে ছড়িয়ে দেওয়ার এক কৌশলী প্রয়াস। আপাতত মাঠের লড়াই শুরু হওয়ার অপেক্ষায় দিন গুনছে আমজনতা থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা।