সিএবি ভবন- নিজস্ব চিত্রএ বার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-র পালাবদলের পালা! যার নির্যাস, CAB-র একাধিক কমিটিতে বড়সড় রদবদলে জায়গা পেলেন বিজেপি নেতা ও বিধায়করা। যেমন, ক্রিকেটারদের ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটির দায়িত্ব দেওয়া হল বরানগরের বিধায়ক সজল ঘোষকে। এছাড়াও বড় পদ পেলেন বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারিও।
CAB-তে BJP নেতা, বিধায়করা
ক্রিকেটের ময়দান ছাপিয়ে চর্চায় রাজনীতির উপস্থিতি। সিএবি-র নতুন কমিটি গঠনে জায়গা করে নিলেন বিজেপির পাঁচ নেতা ও বিধায়ক। সংস্থার চারটি গুরুত্বপূর্ণ কমিটিতে তাঁদের অন্তর্ভুক্তি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। যদিও কমিটির সদস্য করা হলেও কাউকেই চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়নি।
কাকে কোন পদ দেওয়া হল?
সিএবি-র সাম্প্রতিক AGM-এ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবে বিজেপি নেতাদের উপস্থিতি নজর কেড়েছিল। তখন থেকেই ক্রিকেট প্রশাসনের বিভিন্ন কমিটিতে তাঁদের অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা চলছিল। নতুন কমিটির তালিকা প্রকাশ্যে আসতেই সেই জল্পনার অবসান হল। নতুন বিন্যাসে ফিনান্স কমিটির সদস্য হয়েছেন বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটিতে জায়গা পেয়েছেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যকে রাখা হয়েছে স্কুল কমিটিতে।
সিএবি-র চারটি কমিটিতে মোট পাঁচ বিজেপি নেতা ও বিধায়ক
এখানেই শেষ নয়। গ্রাউন্ড কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন দমদম উত্তরের বিধায়ক সৌরভ সিকদার এবং বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ। যার নির্যাস, সিএবি-র চারটি কমিটিতে মোট পাঁচ বিজেপি নেতা ও বিধায়ক জায়গা পেলেন। তবে কমিটির সদস্যপদ পেলেও চেয়ারম্যানের দায়িত্বে দেখা যাচ্ছে না বিজেপির কোনও নেতাকে। ফলে সিএবি-র প্রশাসনিক কাঠামোয় বিজেপি নেতাদের প্রবেশ ঘটলেও কমিটিগুলির শীর্ষপদে আপাতত তাঁদের কাউকে রাখা হয়নি। এজিএমের পর কমিটি পুনর্গঠনে এই অন্তর্ভুক্তি সিএবি-র অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়েই শুরু হয়েছে চর্চা।