অভিষেকের বিধ্বংসী ব্যাটিং।ভারতীয় ক্রিকেট দলের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা ব্যাটে তাণ্ডব। বোলাররা স্রেফ দর্শক। টিম ইন্ডিয়ার হয়ে টি২০ আন্তর্জাতিক ম্যাজিক দেখিয়েছেন যুবরাজ সিংয়ের শিষ্য। এবার ঘরোয়া ক্রিকেটেও দেখালেন নিজের দম। একটা পরিসংখ্যানেই স্পষ্ট হবে ব্যাপারটা, মাত্র ৯১ বলে ২৩৩ রান করলেন অভিষেক শর্মা।
রবিবার অমৃতসরের গান্ধী গ্রাউন্ডসে পঞ্জাব স্টেট ইন্টার ডিস্ট্রিক্ট সিনিয়র ওয়ানডে লিমিটেড ওভার্স টুর্নামেন্ট ২০২৬-২৭-এ খেলা চলছিল অমৃতসর মেন সিনিয়র বনাম তারন তারন মেন সিনিয়র। এই ম্যাচে পঞ্জাবের হয়ে খেলতে নেমেছিলেন অভিষেক। বোলারদের রীতিমতো ছাতু করে ছাড়লেন। মাত্র ৯১ বলে খেললেন ২৩৩ রানের এক চোখধাঁধানো ইনিংস।
বাঁ-হাতি এই ব্যাটারের এ দিন বিধ্বংসী ব্যাট করেছেন। ২৩৩ রানের ইনিংসে হাঁকিয়েছেন ২৫টি ছক্কা এবং ১৫টি চার! শুধুমাত্র বাউন্ডারি আর ওভার-বাউন্ডারি থেকেই তিনি তুলে নিয়েছেন ২১০ রান। এই তাণ্ডবলীলার সময়ে তাঁর স্ট্রাইক রেট ২৫৬.০৪। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালিয়ে প্রতিপক্ষ দলের কোনও বোলারকেই থিতু হতে দেননি। পেসার হোক বা স্পিনার, একইভাবে মাঠের বাইরে পাঠিয়েছেন।
অমৃতসরের স্কোর ৫৩৩
অভিষেক শর্মার এই ব্যাটিং তাণ্ডবের দৌলতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩৩ রানের বিশাল স্কোর করে অমৃতসর মেন সিনিয়র। তাঁর পাশাপাশি দলের আর এক ওপেনার অভয় চৌধুরী ৮৫ বলে ৯৩ রান করেন। এছাড়া অভিনব শর্মা করেছেন ৩৩ বলে ৫১ ও সাহিল শর্মার সংগ্রহ ২০ বলে ৩৭ রান। বরিন্দর সিংহ লোহাট ও সলিল অরোরা যথাক্রমে ৩৬ ও ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।
ABHISHEK SHARMA MAKES A STATEMENT 🔥
— Johns. (@CricCrazyJohns) August 2, 2026
- He smashed 233 runs from just 91 balls with 15 fours & 25 sixes against Tarn Taran Men Sr in the One Day District match pic.twitter.com/QV4k83Oo5e
বলে রাখি, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে তেমন আলো ছড়াতে পারেননি অভিষেক। তিন ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে এসেছিল মাত্র ১১ রান। যদিও অভিষেকের অফ ফর্ম ভারতীয় দলের জয়ের পথে বাধা হয়নি। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ভারতীয় দল সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে।