তামিম ইকবাল ও বাংলাদেশ দলতামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পরেই বাংলাদেশ ক্রিকেটে আমূল বদলের ইঙ্গিত। ঘরোয়া ক্রিকেতারদের ম্যাচ ফি বহুগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রাক্তন ক্যাপ্টেন ও বিসিবি প্রধান জানিয়ে দিয়েছেন, ক্রিকেটারদের উন্নতির স্বার্থে এ ভাবেই কাজ করে যাবেন তাঁরা।
এক বৈঠক চলাকালীন মহিলা দলের ম্যানেজার জানান, এখন ম্যাচ খেললে দিন প্রতি ১০০০ বাংলাদেশি টাকা পান মহিলা ক্রিকেটারেরা। তা শুনে অবাক হয়ে যান তামিম। সঙ্গে সঙ্গে সেই পারিশ্রমিক ১০ গুণ টাকা বাড়িয়ে দেন। এখন থেকে মহিলা ক্রিকেটারেরা টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১০ হাজার বাংলাদেশি টাকা, ৫০ ওভারের ম্যাচের জন্য ১৫ হাজার এবং প্রথম শ্রেণির ম্যাচের জন্য ২০ হাজার বাংলাদেশি টাকা পাবেন। প্রথম ৩৬ জন মহিলা ক্রিকেটারের মাসিক বেতন ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার বাংলাদেশি টাকা করা হয়েছে।
ছেলেদের বেতনও বেড়েছে। ক্যাটেগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারেরা প্রতি মাসে ৬৫ হাজার বাংলাদেশি টাকা পাবেন। ‘বি’ এবং ‘সি’ বিভাগে থাকা ক্রিকেটারেরা যথাক্রমে ৫০ হাজার এবং ৪০ হাজার বাংলাদেশি টাকা পাবেন। প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ বাংলাদেশি টাকা করা হয়েছে।
৩৯১টি আন্তজাতিক ম্যাচ খেলা তামিম স্পষ্টভাবে বলেছেন যে, গত তিন-চার বছরে খেলোয়াড়দের বেতন একেবারেই বাড়েনি। শুধু তাই নয়, তাদের 'চরমভাবে কম বেতন' দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন যে, ক্রিকেট খেলা কঠোর পরিশ্রমের, তাই তাদের ন্যায্য পারিশ্রমিক পাওয়া উচিত।
বেতন বৃদ্ধির দাবির পাশাপাশি তামিম বিসিবির ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে, গত দেড় বছরে বোর্ডের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং এর সমাধান সম্মিলিতভাবে করতে হবে। তিনি যদিও টি২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ব্যাপারে মুখ খোলেননি।
তামিম বলেছেন যে, ক্রিকেট সবসময় দেশের জন্য গর্বের হওয়া উচিত এবং বোর্ডের সঙ্গে যুক্তদের এ নিয়ে গর্ববোধ করা উচিত। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে বিসিবির অভ্যন্তরে আরও সংস্কার দেখা যেতে পারে।