ভারত বনাম বাংলাদেশ ক্রিকেটভারত-বাংলাদেশ ওয়ানডে ও T20 সিরিজ কি আদৌ হবে? অনেক দিন ধরেই সাদা বলের সিরিজ নিয়ে নানা টালবাহানা চলছে। তবে দুদেশের মধ্যে শীতল সম্পর্কের আবহেও ক্রিকেট সিরিজ নিয়ে আশা ছাড়ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্টের সভাপতি তামিম ইকবাল।
সেপ্টেম্বরে হচ্ছে না ভারত-বাংলাদেশ সিরিজ
সেপ্টেম্বরে প্রস্তাবিত সিরিজটি আপাতত হচ্ছে না। কিন্তু তামিম ইকবালের দাবি, দুই দেশের ক্রিকেট বোর্ডই এই সিরিজের আয়োজনের জন্য সঠিক সময়ের সন্ধানে রয়েছে। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তামিম বলেন, 'সিরিজ হওয়া নিয়ে এখনও দরজা বন্ধ হয়নি। ভারতের সঙ্গে সিরিজ হবেই না, এই রকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দুই দেশের বোর্ডই এই সিরিজ করানো নিয়ে গুরুত্ব দিয়ে ভাবছে।' আগামী ১৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের T20 সিরিজ শুরু হবে ভারতের। আপাতত সেপ্টেম্বর মাসে ভারত-বাংলাদেশ সিরিজের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। দুই দেশের বোর্ডই বিকল্প নিয়ে আলোচনা চালাচ্ছে বলে দাবি তামিমের।
তামিম ইকবাল বলছেন, 'BCCI ও BCB, দুই বোর্ডই সিরিজ কবে করানো যায়, তার উইন্ডো খুঁজছে। তারিখ নিয়ে নানা আলোচনা চলছে। যদি সব কিছু নেতিবাচকই হত, তা হলে এতো আলোচনাই হত না।'
সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও আলোচনা অব্যাহত
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেওয়ায় এ বছর ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এর আগে, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও বিসিসিআই-এর নির্দেশে আইপিএল থেকে বাদ পড়েন বাংলাদেশি অলরাউন্ডার মুস্তাফিজুর রহমান। ক্রিকেট-সংক্রান্ত এই বিবাদটি দুই দেশের মধ্যে টানাপোড়েনপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করেছে, যা বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিক্ত হয়ে উঠেছিল।
বিশ্বকাপে খেলা উচিত ছিল
তামিম স্বীকার করেছেন, T20 বিশ্বকাপের সময় বাংলাদেশের আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। বিশ্বকাপে অংশগ্রহণ করা উচিত ছিল। তিনি মুস্তাফিজুর মামলাটিকে ভুল আখ্যা দিয়ে বলেন, ওই সিদ্ধান্তে গোটা দেশ হতাশ হয়েছিল, কিন্তু খেলাধুলোকে রাজনীতি ও অন্যান্য বিতর্ক থেকে দূরে রাখা উচিত ছিল। তাঁর কথায়, 'আমাদের বিশ্বকাপ খেলা উচিত ছিল। আমাদের আরও ভাল ভাবে আলোচনা করা উচিত ছিল। প্রথম দিনেই যদি ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগ না রাখা হয়, তাহলে সমাধানের কোনও উপায় থাকে না।' ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ তুলে তাঁর বক্তব্য, ইরান-মার্কিন যুদ্ধের মধ্যেও আমেরিকায় গিয়ে খেলল ইরান।যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতিতেও যদি খেলাধুলো চলতে পারে, তবে ক্রিকেটকেও কঠিন পরিস্থিতির একটি খেলা হিসেবে বিবেচনা করা উচিত।