Indian blind cricket team: ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতেও আপত্তি জানাতে পারে ভারত।Blind Cricket Asia Cup 2026: বৃষ্টির জন্য ফাইনাল ম্যাচই হল না। অথচ না খেলেই এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়ে গেল পাকিস্তান। বাংলাদেশে পুরুষদের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ ২০২৬-এর ফাইনাল নিয়ে তুঙ্গে বিতর্ক। পাকিস্তানকে ভাল রান রেটের ভিত্তিতে জয়ী ঘোষণা করেছে আয়োজকরা। সেই সিদ্ধান্তের প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করল টিম ইন্ডিয়া। ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতেও আপত্তি জানাতে পারে ভারত।
শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে টসও করা সম্ভব হয়নি। এরপরেই পাকিস্তানকে চ্যাম্পিয়ন এবং ভারতকে রানার্স ঘোষণা করা হয়। ভারতীয় খেলোয়াড় ও বোর্ড কর্তাদের দাবি, ফাইনালের ফল নেট রান রেট দিয়ে হিসেব করা যায় না। এই পদ্ধতি মূলত লিগ লেভেলে টিমগুলির পজিশন ঠিক করতে ব্যবহার করা হয়। ফাইনালে সেই নিয়ম কেন ব্যবহার করা হল, সেই প্রশ্নই তুলছেন তাঁরা।
ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (ডব্লিউবিসিসি)-এর সিদ্ধান্ত নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। ভারতের অভিযোগ, সংস্থার টেকনিক্যাল কমিটি দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন করার বিষয়ে একমত হয়েছিল। কিন্তু পরে ডব্লিউবিসিসি-র সভাপতি তথা পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের প্রধান সুলতান শাহ বেঁকে বসেন। তারপরেই সিদ্ধান্ত বদলে যায়। ম্যাচ রেফারিকে পাকিস্তানকে Winner ঘোষণা করার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ।
ভারতের টিমের কর্তাদের আরও দাবি, বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে কী হবে, তা নিয়ে কোনও লিখিত নিয়ম ছিল না। নেট রান রেটের ভিত্তিতে চ্যাম্পিয়ন বেছে নেওয়ার বিষয়টি দলগুলিকে আগে জানানো হয়নি। অধিনায়কদের বৈঠকেও এই নিয়ে আলোচনা হয়নি বলে অভিযোগ। ফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে না রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছে ভারত।
ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া (ক্যাবি)-র সচিব শৈলেন্দ্র জানিয়েছেন, এই বিতর্কের সমাধান না হলে ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না ভারত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থাই। ভারতের খেলোয়াড়দের বক্তব্য, তাঁরা মাঠে নেমে লড়াই করতে চেয়েছিলেন। এভাবে ফল ঘোষণা মেনে নিতে পারছেন না।
ট্রফি বিতরণ অনুষ্ঠানেও হাজির হয়নি ভারতীয় দল। ফলে বৃষ্টিতে বাতিল হওয়া একটি ফাইনালকে কেন্দ্র করে এখন দুই দেশের সম্পর্কেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।