ভারতীয় দলে জায়গা পেলেন কারা? (ছবি: রয়টার্স)আফগানিস্তান সিরিজের আগে জসপ্রীত বুমরার ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল। তবে আর দুশ্চিন্তা করে লাভ নেই। এবার ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাকে ফিট ঘোষণা করল বিসিসিআই। তাঁকে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের আসন্ন টি-২০ সিরিজ এবং ২০২৬ এশিয়ান গেমসের দলে রাখা হয়েছে। তবে একটা খারাপ খবরও রয়েছে। চোটের জন্য এই দুই প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা।
প্রসঙ্গত, চোটের কারণে বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে রিহ্যাবিলিটেশন চলছে হর্ষিত রানার। তিনি ভালই উন্নতি করছিলেন। কিন্তু ৭ সেপ্টেম্বর ম্যাচ সিমুলেশনে বোলিং করার সময় তাঁর রেক্টার ফিমোরাস স্ট্রেন হয়। এরপরই তাঁর চোট নিয়ে আশঙ্কা বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে দুই সিরিজ থেকেই ছিটকেই গেলেন হর্ষিত। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বিদর্ভের পেসার যশ ঠাকুর।
বিষয়টা নিয়ে বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'নির্বাচক কমিটি আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ এবং ২০২৬ এশিয়ান গেমসের জন্য ভারতের দলে হর্ষিত রানার পরিবর্তে যশ ঠাকুরকে জায়গা দিয়েছে।'
যশ ঠাকুর কে?
২৭ বছর বয়সী যশ ঠাকুর বিদর্ভের পেসার। জুলাইতেই জিম্বাবোয়ে সফরে তিনি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। আর এবার সেই ক্রিকেটারের উপরই ভরসা রাখলেন নির্বাচকরা।
এখনও পর্যন্ত মাত্র দু'টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যশ। নিয়েছেন চারটি উইকেট। তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যশ ঠাকুর দারুণ পারফর্ম করেছেন। ৫০টি ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৮১টি উইকেট। তাঁর ইকোনমি রেট ৭.০৪। তাই তাঁকে দলে রাখা হয়েছে।
বুমরা ফিরলেন
আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ এবং এশিয়ান গেমসের জন্য দলে ফিরলেন বুমরা। আর সেটাই ভারতীয় দলের জন্য বড় খবর। একথা সহজেই বলা যায়, বুমরার নেতৃত্বেই অর্শদীপ সিং এবং যশ ঠাকুর ভারতের পেস অ্যাটাক সামলাবেন।
ওদিকে এই দুই প্রতিযোগিতাতেই ভারতীয় দলের অধিনায়ক থাকবেন শ্রেয়স আইয়ার। সহ-অধিনায়কের দায়িত্বে সামলাবেন তিলক বর্মা। এখন দেখার এই দুই সিরিজে কেমন খেলে ভারতীয় দল।
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে কারা?
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং ও যশ ঠাকুর।
২০২৬ এশিয়ান গেমসে কারা খেলবেন?
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), শিবম দুবে, তিলক বর্মা (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী এবং যশ ঠাকুর।