BCCI Approaches Harbhajan Singh: ভারতীয় ক্রিকেটে আগামী প্রজন্মকে তৈরি করতে বড় পদক্ষেপ নিল বোর্ড। তরুণ প্রতিভাদের জন্য বিশেষ শিবির আয়োজনের পরিকল্পনা করেছে বিসিসিআই (Board of Control for Cricket in India)। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে এই বিশেষ ক্যাম্পে ডাক পাচ্ছেন নির্বাচিত ‘টার্গেটেড প্লেয়ার’রা।
বোর্ড সূত্রে খবর, বয়সভিত্তিক ও প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করা এবং ভারত ‘এ’ দলে খেলা ক্রিকেটারদের তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকার ক্রিকেটারদেরই বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে বলা হয়েছে। ভবিষ্যতে সিনিয়র দলে জায়গা পাকা করতে সাহায্য করবে এই উদ্যোগ।
এরই মধ্যে প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান (Zaheer Khan) বেঙ্গালুরুতে পাঁচ দিনের পেস বোলিং ক্যাম্প শুরু করেছেন। তরুণ পেসারদের নিয়ে কাজ করছেন তিনি। যাঁরা জাতীয় দলে ঢোকার দরজায় কড়া নাড়ছেন বা ইতিমধ্যেই কয়েকটি ম্যাচ খেলেছেন, তাঁদের ম্যাচ-ফিট করে তোলাই এই শিবিরের লক্ষ্য।
শোনা যাচ্ছে, সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) নিজে উদ্যোগ নিয়ে তাঁর প্রাক্তন সতীর্থদের এই বিশেষ শিবির পরিচালনার অনুরোধ জানিয়েছেন। চার থেকে পাঁচ দিনের সংক্ষিপ্ত কিন্তু নিবিড় প্রশিক্ষণ শিবিরে দক্ষতা বাড়ানোই মূল উদ্দেশ্য। অফ-স্পিনারদের জন্য বিশেষ ক্যাম্প পরিচালনার আমন্ত্রণ পেয়েছেন হরভজন সিং (Harbhajan Singh)। তিনি দিনক্ষণ চূড়ান্ত করার চেষ্টা করছেন। পাশাপাশি টেস্ট ও ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি অনিল কুম্বলে (Anil Kumble)কেও লেগ-স্পিনারদের জন্য আলাদা শিবির নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
বোর্ডের এক কর্তা জানান, শতাধিক টেস্ট খেলা কিংবদন্তিরা যখন নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেন, তখন তা নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। আইপিএল শুরুর আগেই এই বিশেষ ক্যাম্পগুলি আয়োজনের পরিকল্পনা রয়েছে, কারণ অনেক ক্রিকেটারকেই পরে নিজেদের আইপিএল দলে যোগ দিতে হবে। প্রসঙ্গত, অতীতে জগমোহন ডালমিয়া (Jagmohan Dalmiya) বিসিসিআই সভাপতির দায়িত্বে থাকাকালীন প্রাক্তন তারকাদের দিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজনের রীতি চালু হয়েছিল। সেই ধারাই আবার জোরদার করতে চাইছে বোর্ড।
এদিকে সেন্টার অফ এক্সেলেন্সে স্থায়ী পেস বোলিং কোচের পদে আবেদন করেছেন প্রাক্তন পেসার ভিআরভি সিং (VRV Singh) ও শ্রীনাথ অরবিন্দ (Srinath Aravind)। ইংল্যান্ডের ট্রয় কুলির অবসরের পর নতুন প্রধান পেস বোলিং কোচের খোঁজ শুরু হয়েছে। স্পিন বিভাগের দায়িত্বে বর্তমানে রয়েছেন সুনীল যোশী(Sunil Joshi)।


