IPL 2027 Retention & Release List : স্টার্ক-হেড-পাথিরানাদের ছাঁটাই, হার্দিক-পন্থদের নতুন ঠিকানা, IPL-এ বড়সড় রদবদল

আইপিএলের দলবদলের বাজারে সবচেয়ে চমকপ্রদ ঘটনাগুলির একটি হার্দিক পাণ্ডিয়ার দল পরিবর্তন। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পঞ্জাব কিংসে যোগ দিয়েছেন হার্দিক। অন্যদিকে পঞ্জাব থেকে মুম্বইয়ে এসেছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং।

Advertisement
স্টার্ক-হেড-পাথিরানাদের ছাঁটাই, হার্দিক-পন্থদের নতুন ঠিকানা, IPL-এ বড়সড় রদবদলআইপিএল
হাইলাইটস
  • এবারের রিলিজ তালিকায় রয়েছে বেশ কয়েকটি বড় নাম
  • আইপিএল ২০২৭ থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড ও মিচেল স্টার্ক

আইপিএল ২০২৭-এর মিনি নিলামের আগে কার্যত ওলটপালট হয়ে গেল ফ্র্যাঞ্চাইজিগুলির দল। একের পর এক বড় তারকাকে ছেড়ে দিয়ে নতুন করে দল সাজানোর পথে হাঁটল একাধিক ফ্র্যাঞ্চাইজি। কোথাও আন্তর্জাতিক সূচির কারণে সরে দাঁড়ালেন বিদেশি তারকারা, কোথাও আবার কোটি কোটি টাকার ক্রিকেটারকে ছেড়ে পার্সের অঙ্ক বাড়াল দলগুলি। সবথেকে বড় খবর, খেলোয়াড় হিসেবে আইপিএলকে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ, অর্শদীপ সিংয়ের মতো তারকাদের দলবদলও ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে। নতুন মরশুমের আগে কোন তারকা কোন দলে গেলেন, কাদের ছেড়ে দিল ফ্র্যাঞ্চাইজিগুলি? 

ধোনির বিদায়, আর খেলোয়াড় হিসেবে দেখা যাবে না মাহিকে

আইপিএলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর ক্রিকেটার হিসেবে খেলবেন না। চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচবার আইপিএল ট্রফি জেতা মাহি এবার দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। ধোনির বিদায় নিঃসন্দেহে আগামী মরশুমের অন্যতম বড় ঘটনা। CSK তাঁকে ৪ কোটি টাকার খেলোয়াড় তালিকা থেকে সরিয়েছে। তবে এটি সাধারণ রিলিজ নয়, তাঁর খেলোয়াড় জীবনের অবসরের ফল।

চেন্নাইয়ের আরও বড় সিদ্ধান্ত প্রশান্ত বীরকে ছেড়ে দেওয়া। ১৪.২ কোটি টাকা মূল্যের এই ক্রিকেটারকে ছেড়ে দিয়ে বড় অঙ্কের অর্থের জায়গা তৈরি করেছে CSK।

হার্দিক মুম্বই ছেড়ে পঞ্জাবে, অর্শদীপ এলেন MI-তে

আইপিএলের দলবদলের বাজারে সবচেয়ে চমকপ্রদ ঘটনাগুলির একটি হার্দিক পাণ্ডিয়ার দল পরিবর্তন। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পঞ্জাব কিংসে যোগ দিয়েছেন হার্দিক। অন্যদিকে পঞ্জাব থেকে মুম্বইয়ে এসেছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। দু'জনেরই নতুন চুক্তির মূল্য ১৮ কোটি টাকা। অর্থাৎ, দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে এই অদলবদলে ভারতীয় দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের জার্সি বদল হচ্ছে। মুম্বই হার্দিকের পরিবর্তে পেল অর্শদীপকে, আর পঞ্জাবের শক্তি বাড়ল অভিজ্ঞ অলরাউন্ডারকে পেয়ে।

দিল্লিতে ফিরলেন ঋষভ পন্থ, লখনউয়ে কুলদীপ

আরও একটি বড় দলবদল হয়েছে ঋষভ পন্থকে ঘিরে। লখনউ সুপার জায়ান্টস ছেড়ে পুরনো দল দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন পন্থ। অন্যদিকে দিল্লি থেকে লখনউয়ে যোগ দিয়েছেন স্পিনার কুলদীপ যাদব। পন্থের নতুন চুক্তির মূল্য ১৫ কোটি টাকা। কুলদীপের চুক্তিমূল্য ১৩.২৫ কোটি টাকা। দিল্লির কাছে পন্থের প্রত্যাবর্তন যেমন বড় খবর, তেমনই কুলদীপকে পেয়ে লখনউয়ের স্পিন বিভাগও শক্তিশালী হল।

Advertisement

শামি রাজস্থানে, স্যাম কারান লখনউয়ে

দলবদলের বাজারে আরও একটি উল্লেখযোগ্য চুক্তি হয়েছে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে। লখনউ ছেড়ে রাজস্থানে যোগ দিয়েছেন মহম্মদ শামি ও বাঁহাতি স্পিনার এম সিদ্ধার্থ। অন্যদিকে রাজস্থান থেকে লখনউয়ে গিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান।

শামির নতুন চুক্তির মূল্য ৮ কোটি টাকা। আগে লখনউয়ে তিনি ১০ কোটি টাকা পেতেন। অর্থাৎ, ২ কোটি টাকা কম বেতনে রাজস্থানে যোগ দিয়েছেন ভারতীয় পেসার। এম সিদ্ধার্থের চুক্তিমূল্য ৭৫ লক্ষ টাকা এবং স্যাম কারান লখনউয়ে ২.৪ কোটি টাকাতেই খেলবেন।

ছেড়ে দেওয়া হল হেড, স্টার্ক, পাথিরানা, বোল্টদের

এবারের রিলিজ তালিকায় রয়েছে বেশ কয়েকটি বড় নাম। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে আইপিএল ২০২৭ থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড ও মিচেল স্টার্ক। হেডকে ১৪ কোটি টাকায় ধরে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে স্টার্কের চুক্তিমূল্য ছিল ১১.৭৫ কোটি টাকা।

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কার পেসার মথিশা পাথিরানাকে। তাঁর চুক্তিমূল্য ছিল ১৮ কোটি টাকা। পাশাপাশি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র এবং অজিঙ্ক রাহানেকেও ছেড়ে দিয়েছে KKR।

মুম্বই ইন্ডিয়ান্স ছেড়েছে ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারকে। বোল্টের চুক্তিমূল্য ছিল ১২.৫ কোটি টাকা এবং চাহারের ৯.২৫ কোটি টাকা। রাজস্থান রয়্যালস ছেড়েছে শিমরন হেটমায়ারকে, যাঁর চুক্তিমূল্য ছিল ১১ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়েছে ইংল্যান্ডের জ্যাকব বেথেলকে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের তালিকা থেকে বাদ পড়েছেন মিচেল স্টার্ক, নীতীশ রানা ও পথুম নিশঙ্কার মতো ক্রিকেটাররা।

আর কোন কোন দলে বড় রদবদল?

সানরাইজার্স হায়দরাবাদ থেকে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডস। উল্টোদিকে চেন্নাই থেকে হায়দরাবাদে গিয়েছেন খলিল আহমেদ ও নাথান এলিস। এছাড়া দিল্লি ক্যাপিটালস থেকে সানরাইজার্সে যোগ দিয়েছেন টি নটরাজন। হায়দরাবাদ থেকে দিল্লিতে গিয়েছেন জিশান আনসারি। সানরাইজার্সের হার্শল প্যাটেলও দল বদলে গুজরাট টাইটানসে যোগ দিয়েছেন। তাঁর নতুন চুক্তির মূল্য ৪ কোটি টাকা।

নিলামের আগে কোন দলের হাতে কত টাকা?

রিলিজ ও দলবদলের পর নিলামের আগে সবচেয়ে বেশি টাকা রয়েছে লখনউ সুপার জায়ান্টসের হাতে। তাদের পার্সে রয়েছে ৪৭.৪৫ কোটি টাকা। দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স, তাদের হাতে ৪১.৬৫ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে ৪০.১৫ কোটি টাকা এবং দিল্লি ক্যাপিটালসের হাতে ৩৯.৫০ কোটি টাকা।

মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে ৩২.৬০ কোটি টাকা। চেন্নাই সুপার কিংসের ২৮.০৫ কোটি, রাজস্থান রয়্যালসের ২৭.০৫ কোটি এবং পঞ্জাব কিংসের ১৮.৬০ কোটি টাকা রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে ১৪.১৫ কোটি টাকা। সবচেয়ে কম ৮.৭৫ কোটি টাকা রয়েছে গুজরাত টাইটানসের পার্সে।

সব মিলিয়ে ধোনির অবসর, তারকা ক্রিকেটারদের দলবদল এবং একাধিক বড় নামকে ছেড়ে দেওয়ার ঘটনায় IPL 2027-এর আগে উত্তেজনা তুঙ্গে। এবার মিনি নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কাকে দলে নেয়, সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।  

POST A COMMENT
Advertisement