ফাইনালে হারের পরে GT-এর টিম বাসে দুর্ঘটনা৩১ মে দিনটা মোটেই ভালো গেল না গুজরাত টাইটান্সের জন্য। ২০২৬-এর ফাইনালে হারের পর অল্পের জন্য় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন GT-র খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। ম্যাচ শেষে হোটেলে ফেরার পথে শর্ট সার্কিটের জেরে বিকল হয়ে গেল গুজরাত টাইটান্সের বাস। কোনওক্রমে সরিয়ে নিয়ে যাওয়া হয় খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের।
PTI-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর ভেতরে ধোঁয়া বের হতে শুরু করে। পরিস্থিতি দেখে টিম ম্যানেজমেন্ট এবং নিরাপত্তা কর্মীরা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বাস থেকে নিরাপদে বের করে আনেন। স্বস্তির বিষয় যে, এই ঘটনায় কোনও খেলোয়াড় বা স্টাফ সদস্য আহত হননি।
সূত্রের খবর, বাস থেকে নামার পর পুরো টিমকে বেশ কিছুক্ষণ রাস্তার পাশে অপেক্ষা করতে হয়। পরে খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য আর একটি বাসের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, গুজরাত টাইটান্সের জন্য এমনিতেই রবিবার ছিল হতাশাজনক । RCB-এর কাছে এদিন পাঁচ উইকেটে হেরে যায় গিলরা। ফাইনালের আগেও গুজরাত টাইটান্সের শিডিউল ছিল ব্যস্ততায় ভরা। ২৭ মে GT ধর্মশালা থেকে মুল্লানপুরে গিয়েছিল, সেখানে ২৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে কোয়ালিফায়ার ২ খেলে ৩০ মে আহমেদাবাদে ফেরার কথা ছিল টিমের। কিন্তু মুল্লানপুরের খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট ছাড়তে দেরি হয়, অবশেষে শনিবার গভীর রাতে গিলরা নিজেদের হোম গ্রাউন্ড আহমেদাবাদে এসে পৌঁছায়। ফলে রীতিমতো ধকল গিয়েছে তাঁদের।
এরপর আবার ফাইনালে হার আর তার পরপরই টিম বাসে যান্ত্রিক ত্রুটির কারণে রীতিমতো বিধ্বস্ত গুজরাট টাইটানসের প্লেয়াররা। তবে এরমধ্যে স্বস্তিদায়ক বিষয়টি হল, বাসে ধোঁয়া থাকা সত্ত্বেও সব খেলোয়াড় ও স্টাফদের নিরাপদে বের করে আনা হয়েছে।