হার্দিক ও শ্রেয়স IPL ২০২৭-এর আগে মুম্বই ইন্ডিয়ান্সকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। দলের হেড কোচের দায়িত্বে কায়রন পোলার্ড আসার পর এবার অধিনায়কত্ব এবং ক্রিকেটারদের ট্রেড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দলে আর রাখতে চান না নীতা আম্বানিরা। তারই মধ্যে প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের দাবি, আগামী মরশুমে হার্দিককে ট্রেড করে পঞ্জাব কিংসে পাঠানো হতে পারে।
নিজের ইউটিউব চ্যানেলে আইপিএলের সম্ভাব্য ট্রেড নিয়ে আলোচনা করতে গিয়ে অশ্বিন জানান, হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সে থেকে যাওয়ার সম্ভাবনা তাঁর কাছে বেশ কঠিন বলে মনে হচ্ছে। ওই ক্রিকেটারের দাবি, হার্দিককে ট্রেড করার সম্ভাবনা রয়েছে। কারণ মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিকের বর্তমান অবস্থান।
পঞ্জাব কিংসে যেতে পারেন হার্দিক?
অশ্বিনের বক্তব্য অনুযায়ী, হার্দিককে ট্রেড করার মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্স পঞ্জাব কিংসের কোনও ভারতীয় বাঁহাতি পেসারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে। অথবা পঞ্জাবের কোনও ভাল লেগ স্পিনারের দিকেও নজর থাকতে পারে মুম্বইয়ের।
অশ্বিনের এই সম্ভাবনা বাস্তবায়িত হলে হার্দিককে আগামী মরশুমে প্রীতি জিন্টার মালিকানাধীন পঞ্জাব কিংসের জার্সিতে দেখা যেতে পারে। তবে আপাতত বিষয়টি অশ্বিনের অনুমান ও সম্ভাব্য ট্রেড সংক্রান্ত আলোচনা। মুম্বই ইন্ডিয়ান্স বা পঞ্জাব কিংস, কোনও ফ্র্যাঞ্চাইজিই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
হার্দিক পান্ডিয়া বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ফলে তাঁকে নিয়ে কোনও ট্রেডের সম্ভাবনা তৈরি হলে তা আইপিএলের নিলামের আগে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল।
রোহিত শর্মার ভবিষ্যৎ কী?
মুম্বই ইন্ডিয়ান্সকে ঘিরে আলোচনার পাশাপাশি রোহিত শর্মার আইপিএল ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। আগামী মরশুমে রোহিত খেলবেন কি না, বা আরও কয়েক বছর খেলতে দেখা যাবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি অশ্বিন।
এই প্রসঙ্গে মহেন্দ্র সিং ধোনির উদাহরণ টেনেছেন তিনি। অশ্বিনের বক্তব্য, ধোনির ক্ষেত্রেও প্রতি মরশুমে তাঁর শেষ আইপিএল কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু সেই জল্পনার মধ্যেও খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। রোহিতের ক্ষেত্রেও আগামী মরশুমের আগে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো কঠিন বলেই মত অশ্বিনের।
মুম্বইয়ের পরবর্তী অধিনায়ক হতে পারেন নমন ধীর?
হার্দিক ও রোহিতকে ঘিরে জল্পনার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে নন ধীরের নাম সামনে এনেছেন অশ্বিন। তাঁর মতে, মাঠে নমন ধীরের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং শান্ত আচরণ তাঁকে ভবিষ্যতে অধিনায়কত্বের দৌড়ে জায়গা করে দিতে পারে। অশ্বিনের বক্তব্য, এই গুণগুলির কারণে নমন ধীরকে মুম্বই ইন্ডিয়ান্সের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার সম্ভাবনা থেকে এখনই বাদ দেওয়া যায় না।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও নমন ধীরের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় ম্যাচে মাত্র ১৭ বলে ৩১ রান করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।