হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মা (ফাইল ছবি)IPL শেষ। এবার আসন্ন আফগানিস্তান সিরিজের দিকে নজর রয়েছে ক্রিকেটারদের। তবে দলে অন্তর্ভুক্তির পথে কড়া পথে হাঁটছে BCCI। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ODI সিরিজের আগে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে। BCCI-এর তরফে এই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রথম একাদশে জায়গা পেতে হলে হার্দিককে সেন্টার অফ এক্সিলেন্স (COE) থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে।
তবে BCCI হার্দিক পান্ডিয়াকে আফগানিস্তানের বিরুদ্ধে দলে সামিল করেছে। কিন্তু নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ফিটনেস সংক্রান্ত শর্তও। রিপোর্ট মোতাবেক, মঙ্গলবার ইতিমধ্যেই বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে পৌঁছেছেন হার্দিক। সিরিজ শুরুর আগে এক সপ্তাহেরও বেশি সময় কাটাবেন সেখানেই থাকবেন তিনি। এই ৭ দিনে নানারকম শারীরিক কসরত ও পরীক্ষার মধ্যে দিয়ে যাবেন হার্দিক। সমস্ত শর্তপূরণ করার পরেই খেলার জন্য ফিটনেস সার্টিফিকেট পাবেন হার্দিক পান্ডিয়া। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে হার্দিক আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন কিনা।
উল্লেখ্য বিষয় হল, সদ্য শেষ হওয়া IPL-এ ফিল্ডিং করতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন হার্দিক। ফলে তাঁর ফিটনেস নিয়ে ধন্দ রয়েছে। আর সেই কারণেই দেশের তারকা অলরাউন্ডারের ফিটনেসের দিকে জোর দিচ্ছে BCCI।
রোহিত শর্মাকেও সেন্টার অফ এক্সিলেন্স (CoE)-এ রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে
শুধুমাত্র হার্দিক পান্ডিয়া না, রোহিত শর্মাকেও সেন্টার অফ এক্সিলেন্স (CoE)-এ রিপোর্ট করার নির্দেশ দিয়েছে BCCI। আইপিএল চলাকালীন রোহিত হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন। মনে করা হচ্ছে, সেই কারণেই আফগানিস্তান সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে তাঁর নাম থাকা সত্ত্বেও একটি ফিটনেস-সংক্রান্ত শর্ত যুক্ত করা হয়েছে।
যদিও মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে সম্প্রতি দাবি করেছেন, রোহিত সম্পূর্ণ ফিট। জয়াবর্ধনে জানিয়েছেন, রোহিতকে চোট থেকে সেরে ওঠার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। মেডিক্যাল টিম প্রাক্তন ভারতীয় অধিনায়ককে ১০০ শতাংশ ফিট বলে ঘোষণা করেছে।
ভারত-আফগানিস্তান সিরিজ কবে?
ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওডিআই সিরিজ ১৩ জুন ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে শুরু হবে। দ্বিতীয় ম্যাচ হবে ১৭ জুন লখনউয়ের একানা স্টেডিয়ামে এবং তৃতীয় ও শেষ ODIটি হবে ২০ জুন চেন্নাইতে।