ক্রিকেট বিশ্বকাপ ২০২৭বছর ঘুরলেই ক্রিকেট বিশ্বকাপ। ২০২৭ সালের ICC ওয়ানডে ওয়ার্ল্ড কাপের তোড়জোড় একেবারে তুঙ্গে। ম্যাচের শহর ও স্টেডিয়ামের পুরো ভেন্যু ঘোষণা করে দিল ICC। ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। ২৪ বছর পরে আফ্রিকায় হতে চলেছে বিশ্বকাপের আসর।
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ভারত
২০০৩ সালে শেষবার দক্ষিণ আফ্রিকায় হয়েছিল ক্রিকেট বিশ্বকাপ। সে বার দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও কেনিয়ায় হয়েছিল বিশ্বকাপ। তখন ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারত সেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।
জোহানেসবার্গে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের জন্য ১২টি ভেন্যুর নাম ঘোষণা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, বর্তমান অধিনায়ক টেম্বা বাভুমা, তারকা পেসার কাগিসো রাবাডা, জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার প্রাক্তন ক্রিকেটার রুডলফ জানসেন ভ্যান ভুরেন।
দক্ষিণ আফ্রিকাতেই হবে সবচেয়ে বেশি ম্যাচ
২০২৭ বিশ্বকাপের অধিকাংশ ম্যাচই হবে দক্ষিণ আফ্রিকায়। দেশটির আটটি স্টেডিয়ামে আয়োজিত হবে বিশ্বকাপের ম্যাচ।
এই ভেন্যুগুলি হল,
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক
কেপটাউনের নিউল্যান্ডস
ডারবানের কিংসমিড
গকেবেরহার সেন্ট জর্জ পার্ক
ব্লুমফন্টেইনের মাঙ্গাউং ওভাল
পার্লের বোল্যান্ড পার্ক
ইস্ট লন্ডনের বাফেলো পার্ক
জিম্বাবোয়ের তিনটি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ হবে। সেগুলি হল হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়েও কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের ফালে মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নামিবিয়ায় সব ম্যাচ হবে উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে।
২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ
ICC-র চেয়ারম্যান জয় শাহ বলেন, '২৪ বছর পর বিশ্বকাপের আফ্রিকায় ফিরে আসা বিশ্ব ক্রিকেটের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত। তাঁর কথায়, "দুই দশকেরও বেশি সময় পর এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আফ্রিকায় ফিরছে। দুই দশকেরও বেশি সময় পর এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আফ্রিকায় ফিরছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া তাদের আতিথেয়তা, ক্রিকেটপ্রেম ও বৈচিত্র্যময় সংস্কৃতির মাধ্যমে বিশ্বকে একটি স্মরণীয় বিশ্বকাপ উপহার দেবে বলে আমাদের পূর্ণ বিশ্বাস।'
বিশ্বকাপের ফর্ম্যাটে বদল
২০২৭ বিশ্বকাপে বড় পরিবর্তন আনা হয়েছে টুর্নামেন্টের ফর্ম্যাটেও। এবার মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রতিযোগিতা হবে তিনটি ধাপে। প্রথমে হবে সুপার সিরিজ। এখানে ICC র্যাঙ্কিংয়ের ১২, ১৩ ও ১৪ নম্বর স্থানে থাকা তিনটি দল রাউন্ড-রবিন ভিত্তিতে একে অপরের বিরুদ্ধে খেলবে। এই তিন দলের মধ্যে শুধুমাত্র একটি দল মূল বিশ্বকাপে জায়গা করে নেবে। এরপর শুরু হবে মূল পর্ব। সেখানে মোট ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল। প্রত্যেক দল নিজেদের গ্রুপের বাকি পাঁচটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল, সঙ্গে পরবর্তী সেরা একটি দল, সুপার সেভেন পর্বে উঠবে। এই পর্বে মোট ২১টি ম্যাচ হবে। সুপার সেভেনের পয়েন্ট তালিকায় শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখানে প্রথম স্থানে থাকা দল খেলবে চতুর্থ স্থানের দলের বিরুদ্ধে, আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। দুই সেমিফাইনালের জয়ীরা লড়বে ২০২৭ বিশ্বকাপের ফাইনালে।