পাকিস্তান বাংলাদেশকে 'ভাই' বলে কাছে টানার চেষ্টা পাকিস্তান ক্যাপ্টেন সলমন আলি আঘার। টুর্নামেন্ট বয়কট করলেও বাংলাদেশের সমর্থকরা তাদের পাশে থাকবেন বলে আশা পাক ক্যাপ্টেনের। বাংলাদেশের এবারের বিশ্বকাপে না থাকা দুর্ভাগ্যজনক বলে মত আঘার। টি২০ বিশ্বকাপের আগে এ নিয়ে কম বিতর্ক হয়নি।
পাকিস্তানের ক্রিকেট দলের ক্যাপ্টেন সলমন আঘা বলেন,' বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি তাঁদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটা দুঃখের বিষয় যে তারা টুর্নামেন্টে খেলছে না।' এমনই দাবি ‘রেভ স্পোর্টস’র।
আপাতত যা পরিস্থিতি তাতে টি২০ বিশ্বকাপ ২০২৬ থেকে ছাঁটাই হয়েছে বাংলাদেশ। তবে, বাংলাদেশের এই পরিস্থিতিতে ঢাকার পাশে পাকিস্তান থাকলেও তারা বিশ্বকাপ থেকে সরে না গিয়ে, সেখানে খেলার সিদ্ধান্তে অটল, তবে পাকিস্তান জানিয়েছে তারা ভারতের বিরুদ্ধের ১৫ ফেব্রুয়ারি ২০২৬র ম্যাচ খেলবে না। এই অবস্থায় বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের তরফে সেদেশের ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তাঁর এক পোস্টে লেখেন,' ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়।'
বিশ্বক্রিকেটের এই তাবড় কাপ থেকে বাদ পড়ে যাওয়া বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা বলছেন,'আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।'
১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে পাক ক্রিকেট বোর্ডকে। সেই শাস্তি কতটা কড়া হয় সেদিকে নজর থাকবে সকলেরই। শুধু তাই নয়, বাংলাদেশ খেলতে না আসায় তাদের কী শাস্তি হয় সেটাও দেখার। শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারে দুই দেশই। ফলে সেক্ষেত্রে নাটক আরও জমে যেতে পারে।