রোহিত শর্মা: রয়টার্স ফাইল ছবিক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করে দিয়েছে ICC। ওয়ানডে ফর্ম্যাটের বিশ্বকাপের আসর বসছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। ১৪টি টিম খেলবে। ২০২৭ সালের ২ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে টুর্নামেন্ট, চলবে ২১ নভেম্বর পর্যন্ত। ২১ নভেম্বর, রবিবার বিশ্বকাপের ফাইনাল হবে জোহানেসবার্গে।
মোট ৫৭টি ম্যাচ হবে ৩টি দেশের ১২টি স্টেডিয়ামে। ২ অক্টোবর প্রথম ম্যাচ শুরু হবে নামিবিয়ায় তিনটি দলের সুপার সিরিজ দিয়ে। ৭ অক্টোবর থেকে গ্রুপ স্টেজের ম্যাচ শুরু হবে। ভারত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেই বিশ্বকাপ অভিযান শুরু করবে। তা হল অস্ট্রেলিয়া। ৭ অক্টোবর কেপ টাউনে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এই স্টেডিয়ামেই।
ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে?
সে বার অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। এরপর ভারতের পরবর্তী ম্যাচ ১০ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। জোহানেসবার্গের এই ম্যাচ হাই ভোল্টেজ নিঃসন্দেহে। এরপর ১৪ অক্টোবর সেঞ্চুরিয়নে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ১৭ অক্টোবর কোয়ালিফায়ার A-র বিরুদ্ধে ম্যাচ। গ্রুপ স্টেজে ভারতের শেষ ম্যাচ হবে ২৪ অক্টোবর জিম্বাবোয়ের বিরুদ্ধে।
ভারতের গ্রুপ স্টেজ শিডিউল একনজরে:
৭ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া, কেপটাউন
১০ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান, জোহানেসবার্গ
১৪ অক্টোবর: ভারত বনাম আফগানিস্তান, সেঞ্চুরিয়ন
১৭ অক্টোবর: ভারত বনাম কোয়ালিফায়ার A
২৪ অক্টোবর: ভারত বনাম জিম্বাবোয়ে, ভিক্টোরিয়া ফলস
বিশ্বকাপের আগে সুপার সিরিজ
মূল টুর্নামেন্ট শুরুর আগে ২ অক্টোবর নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে তিন দলকে নিয়ে একটি সুপার সিরিজ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলি এই পর্বে অংশ নেবে। রাউন্ড-রবিন ফর্ম্যাটে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি বিশ্বকাপের মূল গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে?
গ্রুপ ‘A’-তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং কোয়ালিফায়ার ‘এ’। গ্রুপ ‘বি’-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং কোয়ালিফায়ার ‘B’। গ্রুপ পর্বে মোট ৩০টি ম্যাচ হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য পাঁচটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল সুপার ৭ পর্বে উঠবে। দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলির মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটিও পরবর্তী পর্বে জায়গা করে নেবে। সুপার ৭-এ সাতটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। ফলে এই পর্বে মোট ২১টি ম্যাচ হবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। কোনও অনির্বাচিত দল যদি কোনও প্রি-সিডেড দলের চেয়ে ভাল অবস্থানে থেকে যোগ্যতা অর্জন করে, তা হলে সংশ্লিষ্ট প্রি-সিডেড দলের স্থান সেই দলটি গ্রহণ করবে।
ভারত-পাকিস্তান ও ভারত-অস্ট্রেলিয়া কি দু'বার মুখোমুখি হবে?
ভারত-পাকিস্তান ম্যাচ গ্রুপ পর্বেই শেষ না-ও হতে পারে। দুই দলই যদি সুপার ৭-এ ওঠে এবং তাদের প্রি-সিডিং অনুযায়ী অবস্থান বজায় থাকে, তা হলে টুর্নামেন্টে দ্বিতীয়বার মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সুপার ৭-এর জন্য ভারতকে A1 এবং পাকিস্তানকে A3 প্রি-সিড দেওয়া হয়েছে। সেই হিসেব অনুযায়ী, ৭ নভেম্বর কেপটাউনে ফের ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে ভারত ও অস্ট্রেলিয়াও টুর্নামেন্টে দু’বার মুখোমুখি হতে পারে। ৭ অক্টোবর গ্রুপ পর্বের ম্যাচের পর, দুই দলই সুপার ৭-এ উঠলে ২৮ অক্টোবর ভিক্টোরিয়া ফলসে ফের দেখা হতে পারে দুই দলের। অস্ট্রেলিয়াকে A2 হিসেবে প্রি-সিড করা হয়েছে।
সুপার ৭-এর প্রি-সিডিং
A1: ভারত
A2: অস্ট্রেলিয়া
A3: পাকিস্তান
AB4: ইংল্যান্ড
B1: নিউজিল্যান্ড
B2: দক্ষিণ আফ্রিকা
B3: শ্রীলঙ্কা
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল
সুপার ৭ পর্বের পর প্রথম সেমিফাইনাল ১৭ নভেম্বর কেপটাউনে এবং দ্বিতীয় সেমিফাইনাল ১৮ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে। সুপার ৭-এর প্রথম স্থানে থাকা দল চতুর্থ স্থানে থাকা দলের বিরুদ্ধে এবং দ্বিতীয় স্থানে থাকা দল তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে। দুই সেমিফাইনালের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে। নির্ধারিত দিনে বৃষ্টি বা অন্য কোনও কারণে ম্যাচ শেষ করা সম্ভব না হলে পরের দিন তা সম্পন্ন করা যাবে। ২০২৭ বিশ্বকাপের ফাইনাল ২১ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। ফাইনালের জন্যও ২২ নভেম্বর রিজার্ভ ডে রাখা হয়েছে। ভারত অন্তত পাঁচটি গ্রুপ ম্যাচ খেলবে। তবে সুপার ৭-এ উঠলে প্রি-সিডিং ও ফলাফলের সমীকরণ অনুযায়ী অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।