রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটিংয় নিয়েই কি কোচ খোঁচা দিলেব?নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়। তবে এরপরও ভারতের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে। সেই আবহেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন গৌতম গম্ভীর। তাঁর কথায়, ‘বোলাররাই সিরিজ জেতায়। টিমের জন্য গর্বিত।’ ব্যাটারদের কথা আলাদা করে উল্লেখ না করায় পোস্টটির অর্থ নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেউ কেউ মনে করছেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটিংয় নিয়েই কি কোচ খোঁচা দিলেব?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের নির্ধারিত ওয়ানডে সিরিজের একটি ম্যাচ ভেস্তে যায়। বাকি চার ম্যাচের লড়াইয়ে ভারত সিরিজ জেতে ৩-১ ব্যবধানে। শেষ ম্যাচে আগে ব্যাট করে মাত্র ২০৯ রান তোলে ভারত। জবাবে নিউজিল্যান্ড ১৮৭ রানে অলআউট হয়ে যায়। ২২ রানে জিতে সিরিজ নিশ্চিত করে ভারতীয় দল। অর্থাৎ, ব্যাটিং ব্যর্থতার পরেও বোলারদের দাপটেই আসে জয়।
সিরিজের রানতালিকাতেও ভারতীয় ব্যাটারদের অনুজ্জ্বল ছবি স্পষ্ট। চার ইনিংসে বিরাট কোহলির সংগ্রহ ৮৬ রান। রোহিত শর্মা চার ইনিংসে করেছেন মাত্র ৩০। শ্রেয়স অয়্যর ৬৭ রান করেছেন। অধিনায়ক শুভমন গিল তিন ম্যাচের দু’টি ইনিংসে করেন ৩৭। অন্য দিকে, নিউজিল্যান্ডের উইল ইয়ং ১৬২ এবং টিম সিফার্ট ১১০ রান করে তালিকার উপরের দিকে রয়েছেন। ফলে গম্ভীরের পোস্টকে ব্যাটিংয়ের সমালোচনা হিসেবে দেখছেন একাংশের সমর্থক। যদিও কোচ নিজে কাউকে নিশানা করেছেন, এমন কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি।
শেষ ম্যাচে ভারতের হয়ে অক্ষর পটেল ও ঈশান কিষণ ৪৬ রান করে করেন। শ্রেয়সের সঙ্গে অক্ষরের জুটি দলকে সামাল দেয়। পরে ঈশান ও নমন ধীরের অবদানও ছিল গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার তিন উইকেট নেন। ভারতের ইনিংস থামে ২০৯ রানে।
রান তাড়া করতে নেমে অর্শদীপ সিং তিনটি এবং মহম্মদ সিরাজ দু’টি উইকেট নেন। তাঁদের আঘাতেই শুরুতে চাপে পড়ে নিউজিল্যান্ড। মাঝের দিকে ডিন ফক্সক্রফট ও মাইকেল ব্রেসওয়েল প্রতিরোধ গড়লেও ভারত দ্রুত ম্যাচে ফেরে। পরে স্যান্টনারের লড়াইও কাজে আসেনি। শেষ পর্যন্ত ১৮৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।
গম্ভীরের কাছে এই জয় ব্যক্তিগত ভাবেও তাৎপর্যপূর্ণ। ভারতের কোচ হিসেবে বিদেশের মাটিতে এটাই তাঁর প্রথম ওয়ানডে সিরিজ জয়। এর আগে টি-টোয়েন্টি সিরিজও ৩-২ ব্যবধানে জিতেছে ভারত। পাশাপাশি নিউজিল্যান্ডের ঘরের মাঠে টানা ১১টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের ধারাও থামল।