কাল মঙ্গলবার থেকে শুরু একদিনের সিরিজ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচও জিততে পারেনি টিম ইন্ডিয়া। পাঁচটির মধ্যে একটি ম্য়াচ বৃষ্টির কারণে বাতিল হলেও ৪ ম্যাচেই ব্রিটিশ প্রতিপক্ষের সামনে মুখ থুবড়ে পড়েছে গৌতম গম্ভীরের দল। ওয়ানডেতে কি ঘুরে দাঁড়াতে পারবে মেন ইন ব্লু? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ১৪ জুলাই (মঙ্গলবার) বার্মিংহামের এজবাস্টন মাঠে হবে। রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতিতে ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী হলেও, অধিনায়ক শুভমন গিল এবং কোচ গৌতম গম্ভীরের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে প্রথম একাদশ বেছে নেওয়া। বিশেষ করে কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে কাকে খেলানো হবে, তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন।
ব্যাটিং অর্ডার প্রায় নিশ্চিত
ভারতের ব্যাটিং লাইনআপ প্রায় চূড়ান্ত বলেই মনে করা হচ্ছে। আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে যশস্বী জয়সওয়াল ওপেন করলেও, ইংল্যান্ড সিরিজে তিনি দলে নেই। ফলে রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করতে পারেন অধিনায়ক শুভমন গিল। তিন নম্বরে খেলবেন কোহলি।
এরপর মিডল অর্ডারে থাকবেন শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল। ওয়ানডেতে চার ও পাঁচ নম্বরে এই দুই ব্যাটার ভারতের অন্যতম নির্ভরযোগ্য ভরসা। যদিও গৌতম গম্ভীর কোচ হওয়ার পর কেএল রাহুলের ব্যাটিং পজিশনে একাধিকবার পরিবর্তন দেখা গিয়েছে। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে কোন নম্বরে নামানো হয়, সেদিকে নজর থাকবে।
বুমরার প্রত্যাবর্তনে শক্তিশালী পেস আক্রমণ
পরিস্থিতি অনুযায়ী অক্ষর পটেলকে পাঁচ বা ছয় নম্বরে নামানো হতে পারে। ডানহাতি ব্যাটার বেশি থাকার কারণে বাঁহাতি অক্ষরের উপস্থিতি ব্যাটিংয়ে ভারসাম্য আনতে পারে।
পেস আক্রমণও প্রায় নিশ্চিত। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর দীর্ঘ বিরতির শেষে ওয়ানডে দলে ফিরছেন জসপ্রীত বুমরা। তাঁর সঙ্গে নতুন বলে খেলার সম্ভাবনা রয়েছে অর্শদীপ সিং ও প্রসিদ্ধ কৃষ্ণর। ইংল্যান্ডের কন্ডিশনে এই তিন পেসারই ভারতের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন।
হার্দিক-নীতীশ না থাকায় সুযোগ শিবম দুবের
চোটের কারণে হার্দিক পান্ডিয়া ও নীতীশ কুমার রেড্ডি এই সিরিজে নেই। ফলে অলরাউন্ডার হিসেবে সুযোগ পাচ্ছেন শিবম দুবে। ব্যাট হাতে দ্রুত রান তুলতে পারলেও, তাঁর বোলিং কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আর সেই কারণেই কুলদীপ যাদবের জায়গা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
কুলদীপ না ওয়াশিংটন সুন্দর?
গত কয়েক বছরে ভারতের অন্যতম সফল ওয়ানডে স্পিনার কুলদীপ যাদব। মাঝের ওভারে উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু তাঁর দুর্বল ব্যাটিং দলের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
যদি শিবম দুবে ও কুলদীপ- দু'জনকেই প্রথম একাদশে রাখা হয়, তাহলে ভারতের ব্যাটিং কার্যত সাত নম্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে ওয়াশিংটন সুন্দরকে খেলালে ব্যাটিং লাইন আপ আরও গভীর হবে। প্রয়োজনে তাঁকে ওপরে ব্যাট করানো সম্ভব। আর কেএল রাহুলকে ফিনিশারের ভূমিকায় ব্যবহার করা যেতে পারে।
তবে এরও মূল্য দিতে হতে পারে। সুন্দরকে খেলাতে গিয়ে যদি কুলদীপকে বাইরে রাখতে হয়, তাহলে মাঝের ওভারে ভারতের সবচেয়ে কার্যকর উইকেট-শিকারি স্পিনারকে হারাতে হবে। তাই গম্ভীর ও শুভমনের সামনে মূল প্রশ্ন- ব্যাটিংয়ের গভীরতা নাকি উইকেট নেওয়ার ক্ষমতা কোনটিকে তাঁরা বেশি গুরুত্ব দেবেন?
গৌতম গম্ভীরের কোচিং পর্বে দেখা গিয়েছে, তিনি অনেক ক্ষেত্রেই আক্রমণাত্মক বোলিং বিকল্পের চেয়ে ব্যাটিং গভীরতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই কারণে প্রথম ওয়ানডেতে ওয়াশিংটন সুন্দরের পাল্লাই কিছুটা ভারী বলে মনে করা হচ্ছে।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর/কুলদীপ যাদব, শিবম দুবে, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণ।