শোয়েব আখতারের বিতর্কিত মন্তব্য পাকিস্তানের ক্রিকেটারদের মন্তব্য মানেই যেন বিতর্ক। আর শোয়েব আখতার হলে তো কথায় নেই। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জেতার পর তাঁর মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার সূর্যদের জেতা নিয়ে বলেছেন, 'ক্রিকেটকেই ধ্বংস করে দিচ্ছে ভারত।'
রবিবার নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ভারত। আবার ভারতই একমাত্র দল যারা এই ক্যাটাগরিতে পরপর দুবার বিশ্বকাপ জিতল। ম্যাচে একতরফা জয়ের কারণে প্রশংসিত হয়েছেন ইশান কিষান, তিলক বর্মা, অভিষেক শর্মারা। তবে আখতার এমন মন্তব্য করেছেন যা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
রবিবার রাতে পাকিস্তানের জনপ্রিয় শো 'Game On Hai'-তে আখতার বলেন, ভারতের আধিপত্য যেন পাড়ার ক্রিকেটের ধনী ছেলের মতো। তাঁর ভাষায়, 'পাড়ায় যদি একজন ধনী ছেলে থাকে, সে গরিব বাচ্চাদের ডেকে বলে, চলো ক্রিকেট খেলি। তারপর সে সবার উপর আধিপত্য বিস্তার করে। হারিয়ে দেয়। এরপর বলে, দেখো আমিই জিতেছি। ভারত পুরো ক্রিকেটটা এভাবে নষ্ট করে দিয়েছে।'
আখতারের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ক্রিকেটপ্রেমীই মনে করছেন, ভারতের বড় জয়ের পর হতাশা থেকেই এমন মন্তব্য করেছেন তিনি।
তবে ফাইনালের আগে আখতার কিছুটা ভিন্ন সুরে কথা বলেছিলেন। তিনি স্বীকার করেছিলেন যে ভারতই ফেভারিট, কিন্তু 'ক্রিকেটের স্বার্থে' তিনি চেয়েছিলেন নিউজিল্যান্ড ট্রফি জিতুক। তাঁর মতে, ভারতের উপর ১৫০ কোটির মানুষের প্রত্যাশার চাপ ছিল, আর আহমেদাবাদেই তারা আগে বিশ্বকাপ ফাইনাল হেরেছে।
ভারতের সাফল্যের জন্য গৌতম গম্ভীরের প্রশংসা করেন আখতার। তাঁর মতে, কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো এবং তাঁদের উপর আস্থা রাখা বড় টুর্নামেন্ট জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভারতের আধিপত্যে পাকিস্তানি তারকাদের প্রতিক্রিয়া
আখতার একা নন। পাকিস্তানের আর এক প্রাক্তন পেসার মহম্মদ আমিরও ভারতের জয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তাঁর দাবি, 'ভারতের জয়ের বড় কৃতিত্ব আসলে নিউজিল্যান্ডের বোলারদের।'
আমিরের মতে, নিউজিল্যান্ডের বোলাররা পর্যাপ্ত চাপ তৈরি করতে পারেননি। ফলে ভারতের ব্যাটাররা সহজেই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পেরেছেন। তবে অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করছেন, পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই ভারত এই সাফল্য পেয়েছে।