শ্রীলঙ্কা সফরে ভারতীয় টেস্ট স্কোয়াড ভারতের টেস্ট দলে ফিরলেন যশপ্রীত বুমরাহ ও অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ১৫ অগাস্ট থেকে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দল। দুটি টেস্ট খেলবে। সেই টেস্ট সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। স্পিনার হিসেবে কুলদীপ যাদব থাকছেন। ভারতীয় টেস্ট দলের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার জাডেজা। তাঁর সঙ্গে থাকছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব এবং তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথার। গত বছর ঘরের মাঠে হতাশাজনক পারফর্ম্যান্সের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC)-এর ফাইনালের দৌড়ে ফেরার লক্ষ্যে শুভমন গিলের দলের কাছে জাদেজার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ভারতের সবচেয়ে বড় পরাজয়
গত মরশুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক ০-২ ব্যবধানে সিরিজ হারায় ভারত, যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তারা পিছিয়ে পড়ে। গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ভারত ৪০৮ রানে হেরে যায়, যা টেস্ট ক্রিকেটে রানের বিচারে ভারতের সবচেয়ে বড় পরাজয়।
প্রথমবার জাতীয় দলে সরাংশ জৈন
ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অফ-স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তাঁর পরিবর্তে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন মধ্যপ্রদেশের অলরাউন্ডার সরাংশ জৈন। ৩৩ বছর বয়সি জৈন সম্প্রতি ভারত ‘A’-এর হয়ে শ্রীলঙ্কা সফরে নজরকাড়া পারফর্ম্যান্স করেন। দ্বিতীয় টেস্টে তিনি অপরাজিত ৭০ রান করার পাশাপাশি ৬টি উইকেটও নেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ১৮৮টি উইকেট এবং ২,২০০-রও বেশি রান, যার মধ্যে রয়েছে দুটি শতরান।
ভারতের শেষ লাল বলের সিরিজ ছিল গত মাসে নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে। যদিও সেই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিল না। শুভমন গিলের নেতৃত্বে ভারত তিন দিনের মধ্যেই ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয়, যা ইনিংসের ব্যবধানে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় টেস্ট জয়। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত রয়েছে পঞ্চম স্থানে। এখনও পর্যন্ত ৯টি টেস্টের মধ্যে মাত্র ৪টিতে জয় পেয়েছে ভারত। শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু করে ২০২৭ সালের মার্চের মধ্যে ভারতকে আরও ৯টি টেস্ট খেলতে হবে।
শ্রীলঙ্কার মাটিতে ২০১০ সালের পর থেকে টেস্ট সিরিজে অপরাজিত রয়েছে ভারত। ২০১৭ সালে শেষবার শ্রীলঙ্কা সফরে গিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া।
শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টেস্ট দল
শুভমন গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, যসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, দেবদত্ত পাডিক্কল এবং সরাংশ জৈন।
ভারতের শ্রীলঙ্কা সফরের টেস্ট সূচি
প্রথম টেস্ট: ১৫-১৯ আগস্ট, ২০২৬, গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
দ্বিতীয় টেস্ট: ২৩-২৭ আগস্ট, ২০২৬, এসএসসি ক্রিকেট গ্রাউন্ড, কলম্বো