আর্যবীর সহবাগ এবং অন্বয় দ্রাবিড়। বাবারা একসঙ্গে ড্রেসিংরুমে কাটিয়েছিলেন। এবার ছেলেরাও সুযোগ পেলেন দলে। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তির পরবর্তী প্রজন্ম এবার এবার সুযোগ পেলেন জাতীয় দলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর সহবাগ এবং রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড়। জাতীয় যুব দলের হয়ে খেলতে দেখা যাবে সেহবাগ এবং দ্রাবিড় পরিবারের দুই উত্তরসূরিকে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ভারত সফরের আগে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি মাল্টি-ডে ম্যাচের জন্য আলাদা দল। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীরকে একদিনের দলে রাখা হয়েছে। অন্যদিকে, প্রাক্তন ভারত অধিনায়ক তথা কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ও ১৫ সদস্যের এক দিনের দলে জায়গা পেয়েছেন। উইকেটকিপার-ব্যাটার হিসাবেই দলে জায়গা পেয়েছেন। সেহবাগ এবং দ্রাবিড়ের মতো কিংবদন্তি ক্রিকেটারের পুত্রদের একই দলে জায়গা পাওয়া নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
কেন সেহবাগ-দ্রাবিড়ের ছেলেকে নির্বাচন?
আর্যবীর সেহবাগ এই প্রথম ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেলেন। ডানহাতি ব্যাটার আর্যবীর সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলেছেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং এবং বড় শট মনে করিয়ে দিয়েছে বাবা বীরেন্দ্র সেহবাগকে। তবে আর্যবীরের নজর কাড়া এই প্রথম নয়। ২০২৪ সালে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রানের দুরন্ত ইনিংস খেলে আলোচনায় এসেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার প্রথমবার ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের দরজা খুলল তাঁর সামনে।
এক দিনের দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার অন্বয় দ্রাবিড়ও। রাহুল দ্রাবিড়ের ছেলে জুলাই মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফরে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সেই পারফরম্যান্সের পর এবারও দলে নিজের জায়গা ধরে রাখলেন তিনি।
এক দিনের দলে অধিনায়ক লক্ষ্য, সহ-অধিনায়ক যশবর্ধন
তিনটি এক দিনের ম্যাচে লক্ষ্য রায়চন্দানিকে অধিনায়ক করা হয়েছে। সহ-অধিনায়ক হয়েছেন যশবর্ধন চৌহান। অন্যদিকে মাল্টি-ডে ম্যাচে নেতৃত্ব দেবেন যশবর্ধন। লক্ষ্য সহ-অধিনায়ক।
একদিনের দল: লক্ষ্য রায়চন্দানি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল (উইকেটকিপার), আর্যবীর সেহবাগ, ভিকে বিনীত, কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মনাল চৌহান, অন্বয় দ্রাবিড় (উইকেটকিপার), ভি যশবীর, রোহিত যাদব, শাভিন বিনোদ, মোহিত উলভা, চিগুরপতি ভেঙ্কটা এবং কাব্য পটেল।
মাল্টি-ডে দল: যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রায়চন্দানি (সহ-অধিনায়ক), সাগর ভির্ক, কুশাগ্র ওঝা, মনাল চৌহান, কুশ পটেল, মানব কৃষ্ণ (উইকেটকিপার), অভিপ্রায় বিশ্বাস (উইকেটকিপার), রোহিত যাদব, ঈশান ওম, অয়ান আক্রম, প্রণব রাঘবেন্দ্র, প্রিয়াংশু সিং, মোহিত উলভা এবং আরিয়ান যাদব।
কোথায় এবং কবে ম্যাচ?
তিনটি এক দিনের ম্যাচ এবং প্রথম মাল্টি-ডে ম্যাচ হবে রাজকোটে। দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচটি হবে আমেদাবাদের বি গ্রাউন্ডে।
পুরো সূচি
১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার: প্রথম এক দিনের ম্যাচ, রাজকোট, সকাল ৯টা।
২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার: দ্বিতীয় এক দিনের ম্যাচ, রাজকোট, সকাল ৯টা।
২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার: তৃতীয় এক দিনের ম্যাচ, রাজকোট, সকাল ৯টা।
২৭-৩০ সেপ্টেম্বর ২০২৬: প্রথম মাল্টি-ডে ম্যাচ, রাজকোট, সকাল ৯টা ৩০ মিনিট।
৫-৮ অক্টোবর ২০২৬: দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচ, আমেদাবাদ বি গ্রাউন্ড, সকাল ৯টা ৩০ মিনিট।