ভারত বনাম নামিবিয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৯৩ রানে নামিবিয়াকে হারিয়েছে ভারত। আর তাতেই খুশি মেন ইন ব্লু-এর ফ্যানেরা। যদিও বিশেষজ্ঞদের একটা অংশ আবার এই জয়ে খুব একটা পুলকিত নন। তাঁদের মতে, এই ম্যাচ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ভারত কোথায় কোথায় ভুল করছে। এখনই সেই সব ভুল শুধরে নিতে হবে। নইলে ১৫ ফেব্রুয়ারির পাকিস্তান ম্যাচে বড় কোনও অঘটন ঘটে গেলেও যেতে পারে।
মাথায় রাখতে হবে যে রানের হিসেবে টি২০ বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি রানে ম্যাচ জিতেছে ভারত। এই ম্যাচটি তাঁরা ৯৩ রানে জিতেছে। যদিও এই জয় নিয়েই অনেক বিশেষজ্ঞই খুশি নয়।
তাঁরা মনে করছেন, ভারতের মিডিল অর্ডার ব্যাটসম্যানদের অবস্থা করুণ। বিশেষত, রিঙ্কু সিং এবং অক্ষর প্যাটেল ব্যাট হাতে রান করতে পারছেন না। আর সেটা ভারতের জন্য কোনও ভাল খবর নয়।
নামিবিয়ার ম্যাচে ভারতের ব্যাটিংয়ের ভিত গড়ে দেন ঈশান কিষান। তিনি মাত্র ২৪ বলে করে ফেলেন ৬১ রান। তারপর হার্দিক পাণ্ডেয়ার ব্যাট থেকে বেরিয়ে আসে ঝোড়ো ইনিংস। তিনি ২৮ বলে ৫২ রান করেন। তবে এই দুই ব্যাটারের বিধ্বংসী ইনিংসের পরও ৯ উইকেট হারিয়ে মাত্র ২০৯ রান তোলে ভারত। এটাই হল পাক ম্যাচের আগে চিন্তার বিষয়।
আবার সুযোগ হাতছাড়া স্যামসনের
বারবার ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন সঞ্জু স্যামসন। কিন্তু কাজে লাগাতে পারছেন কই! এই যেমন নামিবিয়া ম্যাচে ৩টি ছক্কা মেরে ইনিংস শুরু করেন। কিন্তু মাত্র ২২ রানে আউট হয়ে যান। আর সেটাই উৎকণ্ঠা বাড়াচ্ছে ভারতীয় দলের। কারণ, একান্তই যদি অভিষেক শর্মা না খেলতে পারেন, তাহলে সঞ্জুর জায়গা হতে পারে দলে। আর পাকিস্তান ম্যাচে যদি তিনি এত কম রান করে আউট হয়ে যান, তাহলে সমস্যা হতে পারে।
মাঝের ওভারে হতশ্রী ব্যাটিং
এই ম্যাচে প্রথমের দিকে ভাল শুরু করে ভারত। ৬.৫ ওভারে পেরিয়ে যায় ১০০ রানের গণ্ডি। যদিও তারপরই ছন্দপতন। একের পর উইকেটের পতন। এমনকী অধিনায়ক সূর্যকুমার যাদবও ভাল খেলতে পারেননি। এরপর দলের হাল ধরেন হার্দিক। তাঁর মারকুটে ব্যাটিংয়ের উপর ভর করে স্কোরবোর্ডে ২০০ রান লিখে দেয় ভারত। আর মিডিল ওভারে ঠিক ঠাক রান না তুলতে পেরেই বিপদের সামনে সূর্যরা। চিন্তা বাড়ছে পাক ম্যাচের জন্য।
বরুণ এবং অক্ষর প্যাটেল দারুণ বল করেছে
এই রান তাড়া করতে নেমে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় নামিবিয়ার দল। তাঁরা বরুণ চক্রবর্তী এবং অক্ষরে স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি। বরুণ ২ ওভারে ৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। আর অক্ষর নেন ২ উইকেট। আবার বল হাতেও নিজের সেরা পারফর্ম্যান্স দেন হার্দিক। তিনি ২ উইকেট তুলে নেন। তাতেই জিতে যায় ভারত। তবে তারপরও পাকিস্তানের বিরুদ্ধে চিন্তা রয়েছে। দ্রুত এই সব ভুল শুধরে নিতে হবে সূর্যদের।