দ্বিতীয় ম্যাচে মেন ইন ব্লু-কে টানল ফিনিশাররাপাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও ফের জয় পেল ভারত। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হওয়া এই ম্যাচে চার উইকেটে জয়ী হল টিম ইন্ডিয়া। এদিন প্রথমে ব্যাট করে ১৮০ রান করেছিল কিউয়িরা। ১৯.৫ ওভারে ফিনিশারদের দাপটে সেই রান তুলে নিল মেন ইন ব্লু।
এদিন ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি। সপ্তম উইকেটে এই জুটি ৩০ বলে অপরাজিত ৬৯ রান যোগ করেন। তিলক ২৬ বলে ছয়টি চার ও একটি ছক্কা মেরে ৫১ রান করেন। নটআউট ছিলেন তিনি। অন্যদিকে নীতীশও ২০০ স্ট্রাইক রেটে ২৬ রানে অপরাজিত থাকেন।
যদিও নিউজিল্যান্ডের দেওয়া ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো করেননি শ্রেয়সরা। মাত্র ১৪ রান করে আউট হন সঞ্জু সাসমান। জ্যাকব ডাফির হাতে ক্যাচ দিয়ে আউট হন ভারতীয় কিপার। এরপর তিন নম্বরে ব্যাট করতে আসা বৈভব সূর্যবংশীকে (৪ রান) প্যাভিলিয়নে ফেরত পাঠান নাথান স্মিথ। পরেই মিচেল স্যান্টনারের স্পিনে ক্যাচ দিয়ে অভিষেক আউট হতেই ভারতীয় ডাগ আউটে চাপ বেড়ে যায়। একই ওভারে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলকে আউট করে ভারতের স্কোর ৭০/৫-এ নামিয়ে আনেন স্যান্টনার।
এরপর নমন ধীর কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করলেও তিনিও মিচেল স্যান্টনারের ফাঁদে পড়েন। নমন মাত্র ১৭ বলে ৩১ রান করেন, যার মধ্যে ছিল তিনটি ছক্কা ও একটি চার। ১১২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর তিলক ভার্মার সঙ্গে ক্রিজে আসেন নীতীশ কুমার রেড্ডি। দুজনেই শুরুতে সতর্কভাবে ব্যাটিং করলেও পরে খেলার গতি বাড়ান। শেষে তাঁদের জুটিই টিম ইন্ডিয়াকে নিউজিল্যান্ডের বৈতরণী পার করে দেয়। ৫১ রান করে ম্যাচের সেরা হন তিলক ভর্মা।