মহিলা এশিয়া কাপে মুখোমুখি ভারত ও পাকিস্তানমহিলা এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত। নবম ওভারে ছক্কা হাঁকিয়ে দলকে সহজ জয় এনে দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। সেই সঙ্গে দুর্দান্ত ব্যক্তিগত রেকর্ডও করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। মহিলা ও পুরুষ, দুই ধরনের ক্রিকেটেই ১৫০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করা বিশ্বের প্রথম ক্রিকেটার হলেন হরমনপ্রীত।
শনিবার দুবাইয়ে আয়োজিত মহিলা এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ভারতীয় বোলারদের দাপটে এ দিন কার্যত মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ব্যাটিং। দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় স্পিনারদের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল না তারা। ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। মহিলা টি-টোয়েন্টির ইতিহাসে এটিই পাকিস্তানের সর্বনিম্ন দলীয় স্কোর। পাকিস্তানের ব্যাটিংয়ের দুর্দশা এমন পর্যায়ে পৌঁছয় যে দলের চার ব্যাটার কোনও রান না করেই সাজঘরে ফেরেন। মাত্র দু'জন ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। মুনিবা আলি করেন ১৩ রান।
ভারতের দুর্দান্ত বোলিংয়ের নেতৃত্ব দেন স্পিনার শ্রী চরণী এবং প্রেমা রাওয়াত। দু'জনেই পাকিস্তানের ব্যাটিংয়ের ছন্দ নষ্ট করে তিনটি করে উইকেট তুলে নেন। তাঁদের সঙ্গে যোগ দিয়ে দীপ্তি শর্মা নেন দু'টি উইকেট। শেফালি বর্মাও পান একটি সাফল্য।তবে ফিল্ডিংয়ের সময় ভারতীয় দলের হাত থেকে ক্যাচ পড়েছে, হয়েছে মিসফিল্ডও। কিন্তু পাকিস্তানের ব্যাটিং এতটাই হতাশাজনক ছিল যে ভারতের সেই ভুলগুলি ম্যাচের ফলে কোনও প্রভাব ফেলতে পারেনি।
এ দিন মাঠে নামার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়েন হরমনপ্রীত। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার নজির গড়লেন। এই রেকর্ডের গুরুত্ব আরও বেশি। কারণ এমএস ধোনি, বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো কিংবদন্তিরাও টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে ১০০ ম্যাচের গণ্ডি পেরোতে পারেননি। সেখানে দেড়শো ম্যাচে নেতৃত্ব দিলেন হরমনপ্রীত।
এমনকি পুরুষ ক্রিকেটেও হরমনপ্রীতের ধারেকাছে কেউ নেই। পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বাধিক ৯১টি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড রয়েছে নামিবিয়ার গেরহার্ড এরাসমাসের। অন্যদিকে মহিলা ক্রিকেটে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু ১২১টি ম্যাচে নেতৃত্ব দিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ১০০টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন।
কেমন ছিল অধিনায়ক হরমনপ্রীতের সফর?
২০১৬ সালে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব পান হরমনপ্রীত। এখনও পর্যন্ত অধিনায়ক হিসাবে তাঁর আগের ১৪৯টি ম্যাচের মধ্যে ৮৬টিতে ভারতকে জয় এনে দিয়েছেন তিনি। শুধু নেতৃত্বেই নয়, ব্যাট হাতেও দুর্দান্ত সাফল্য পেয়েছেন হরমনপ্রীত। অধিনায়ক হিসেবে করেছেন ৩৩০১ রান।
টসের সময় কী বললেন হরমনপ্রীত?
টসের সময় হরমনপ্রীতকে তাঁর ১৫০তম টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্বের রেকর্ড নিয়ে প্রশ্ন করা হয়। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন,'অধিনায়ক হিসাবে ১৫০তম টি-টোয়েন্টি খেলা তাঁর কাছে অত্যন্ত বড় একটি সাফল্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, খেলার আনন্দ ধরে রাখা'।
সেমিতে ভারত
সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে হরমনপ্রীতের দল। গ্রুপ ‘এ’-এর শীর্ষে ভারত।