(Photo: Screengrab/X/dcciofficial)সেই লর্ডসের মাঠ। সেই ব্যালকনি। ন্যাটওয়েস্ট সিরিজ জেতার পর সেখানে দাঁড়িয়ে জামা খুলেছিলেন তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ফের একই ঘটনার পুনরাবৃত্তি। ২৪ বছর পর সেই পথ অনুসরণ করলেন ভারতের বিশেষ ভাবে সক্ষম দলের ক্রিকেটারেরা।
গতকাল ১৯ অগাস্ট এই ম্যাচ হয়েছিল লর্ডসের মাঠে। বিশেষভাবে সক্ষমদের দল টি-২০ আন্তর্জাতিক সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১৮ রানের জয় পায়। তারপরই মহারাজের ভঙ্গিতে সেই ব্যালকনিতে দাঁড়িয়ে শার্ট ওড়ান এক ক্রিকেটাররা। আর তাই ভাইরাল হয়েছে।
প্রথমে ব্যাট করে ভারতীয় দল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ৮৮ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তবে এই ম্যাচে হারলেও ইংল্যান্ড ৪-৩ ব্যবধানে সিরিজ জিতে নেয়। বিশেষভাবে সক্ষমদের দল তাদের X হ্যান্ডেলে সেই ভাইরাল সেলিব্রেশনের ভিডিওও পোস্ট করেছে।
আসলে ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ঐতিহাসিক জয়ের পর সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের জার্সি খুলে হাওয়ায় উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে আজও সেই সেলিব্রেশন মনে রাখা হয়।
সৌরভের সেই সময়ের সেলিব্রেশন নিয়ে পরে সচিন, দ্রাবিড়, লক্ষ্মণরা মন্তব্য করেছিলেন। সেই ঘটনা যে অবিশ্বাস্য তা বলতে ভোলেননি কেউ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, সেদিনেই পর থেকে ভারতীয় ক্রিকেট দলের শরীরী ভাষা বদলে গিয়েছিল।