এই ফ্রেমে জিটি অধিনায়ক শুভমান গিল (বামে) এবং আরআর অধিনায়ক রিয়ান পরাগ। (X)আইপিএল-এর কোয়ালিফায়ার ২ তে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। ডু অর ডাই ম্যাচে যারা জিতবে তারা ৩১ তারিখ মেগা ফাইনালে খেলবে আরসিবির বিরুদ্ধে। ফলে শুভমান গিল ও রিয়ান পরাগের দলের মধ্যে মেগা ফাইট ঘিরে চড়ছে পারদ। একদিকে যেমন সকলের নজর রয়েছে বৈভব সূর্যবংশীর দিকে, আরেকদিকে শুভমান গিলও ফাইনাল খেলার এত কাছে এসে সুযোগ হাতছাড়া করতে নারাজ।
অন্য দিকে, কোয়ালিফায়ার ১-এ আরসিবি-র বিরুদ্ধে লজ্জাজনক পারফরম্যান্স শিক্ষা নিয়ে ঘুড়ে দাঁড়াতে মরিয়া গুজরাত টাইটান্স। ব্যাটে-বলে সব বিভাগেই ভুল-ত্রুটিগুলি শুধরে নেওয়ার কাজ করেছে গুজরাত। তারা রয়্যালসকে হারিয়ে গত ৫ বছরের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
পিচ বা আবহাওয়া কেমন?
এই মৌসুমে মুলানপুরের পিচ মূলত ব্যাটসম্যানদের অনুকূলেই ছিল, যেখানে প্রথম ইনিংসের গড় স্কোর ২০০ ছাড়িয়ে গেছে। পিচটিতে ভালো বাউন্স ও ক্যারি থাকায় স্ট্রোক ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে লাইনের ওপর দিয়ে খেলতে পারছেন। শুরুতে নতুন বলে ফাস্ট বোলাররা কিছুটা সাহায্য পেতে পারেন, কিন্তু ইনিংস যত এগোয়, ব্যাটিংয়ের জন্য পরিস্থিতি সাধারণত সহজ হয়ে আসে। দ্বিতীয় ইনিংসে শিশির একটি বড় ভূমিকা পালন করবে বলেও আশা করা হচ্ছে, তাই টস জিতে রান তাড়া করাই শ্রেয়। আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বৃষ্টির কারণে কোনো বিঘ্ন ঘটার পূর্বাভাস নেই।
আইপিএলে গুজরাত বনাম রাজস্থান হেড-টু-হেড (মুখোমুখি লড়াই):
মোট ম্যাচ খেলা হয়েছে: ১০টি
গুজরাত টাইটান্স জিতেছে: ৭টি
রাজস্থান রয়্যালস জিতেছে: ৩টি
কোনো ফলাফল হয়নি: ০
আইপিএল ২০২৬ কোয়ালিফায়ার ২-এ গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ: সাঁই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, নিশান্ত সিন্ধু, জেসন হোল্ডার, রশিদ খান, কুলবন্ত খেজরোলিয়া, কাগিসো রাবাদা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা। ইমপ্যাক্ট সাব: রাহুল তেওয়াটিয়া, গ্লেন ফিলিপস, অনুজ রাওয়াত, কুমার কুশাগ্র, সাঁই কিশোর।
আইপিএল ২০২৬ কোয়ালিফায়ার ২-এ রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ (অধিনায়ক), ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, দাসুন শানাকা, জোফ্রা আর্চার, নান্দ্রে বার্গার, যশ রাজ পুঞ্জা, ব্রিজেশ শর্মা। ইমপ্যাক্ট সাব: শুভম দুবে, সুশান্ত মিশ্র, আমান রাও পেরাল্লা, রবি বিষ্ণোই, তুষার দেশপাণ্ডে।