
আইপিএল-এ (IPL 2026) লখনউ ,ম্যাচের আগেই শোনা গিয়েছিল হাঁটুতে চোট পেয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দলের তারকার চোট নিয়ে স্বাভাবিকভাবেই চাপে ছিলেন আরসিবি সমর্থকরা। প্রাথমিক দলে না থাকা আরও চাপ বাড়িয়েছিল তাদের। তবে ম্যাচে ফিল্ডিং না করলেও ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে দারুণ ইনিংস খেলেন বিরাট। আর সেটাই স্বস্তি দিয়েছে সমর্থকদের। তবে তাঁর চোটের অবস্থা কী? এ ব্যাপারে মুখ খুলেছেন বিরাট নিজেই।
কী জানালেন বিরাট?
ম্যাচ শেষ হওয়ার পর আক্ষেপ ঝরে পরছিল বিরাটের কথায়। চোটের কারণে অস্বস্তি রয়েছে। তবে ম্যাচ শেষ হওয়ার পর বিরাট কোহলি বলেছেন, 'গত ম্যাচের চেয়ে আমি এখন অনেক ভালো অনুভব করছি, কিন্তু আমি এখনও শতভাগ ফিট নই। গত ম্যাচে আমার হাঁটুতে কিছুটা ব্যথা ছিল এবং গত চার-পাঁচ দিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না। তাই আমি ধীরে ধীরে আমার ছন্দে ফেরার চেষ্টা করছি। আমি ভালো শুরু করেছিলাম এবং আমার খেলার তীব্রতা নিয়ে আমি খুশি। তবে, আমি শেষ পর্যন্ত থেকে ম্যাচটি শেষ করতে চেয়েছিলাম। কখনও কখনও ম্যাচের পরিস্থিতি মাথায় রাখতে হয়। ম্যাচ যত এগিয়েছে, পিচ তত ধীর হয়ে গেছে। আমি একই গতিতে ব্যাটিং চালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার সম্ভবত ম্যাচটি শেষ করে দেওয়া উচিত ছিল। তবুও, আমি খুশি যে আমি দলকে একটি ভালো শুরু এনে দিতে পেরেছি।'
পিচ ধীরে ধীরে স্লো হতে শুরু করে
বিরাট কোহলি বলেন, 'এই উইকেটটা অন্যদিনের চেয়ে একটু অন্যরকম ছিল। আপনারা খেয়াল করলে দেখবেন, এতে তেমন ঘাস ছিল না। গত তিন-চার দিন ধরে আবহাওয়া খুব গরম ও শুষ্ক ছিল। আমরা ভেবেছিলাম পিচটা ধীরগতির হবে, তাই আমাদের পরিকল্পনা ছিল শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা। আমরা প্রথম পাঁচ-ছয় ওভারের মধ্যেই ম্যাচটা তাদের হাত থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলাম, আর সে কারণেই পাওয়ারপ্লেতে ব্যাটিং করাটা গুরুত্বপূর্ণ ছিল। আমাদের ব্যাটিং ইউনিটে অনেক স্বচ্ছতা রয়েছে। আমাদের কিছু নির্দিষ্ট মান আছে এবং প্রত্যেক খেলোয়াড় সেই অনুযায়ী নিজের ভূমিকা পালন করে। আমি সবসময় রজত পাটিদারকে বলি যে তার পরিস্থিতি নয়, বোলারদের মনের অবস্থা বোঝা উচিত। সে যেভাবে বোলারদের ওপর চাপ সৃষ্টি করে তা অসাধারণ।'
বিরাট আউট হয়ে গেলেও আরসিবি-র জিততে খুব একটা সমস্যা হয়নি। ২৯ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় তুলে নেয় গতবারের চ্যাম্পিয়নরা। আর এই জয়ের ফলে, শীর্ষে উঠে এল আরসিবি।