Virat Kohli Gautam Gambhir Rift: কোহলি ও গম্ভীরের মধ্যে আবার ঝগড়া? খোলসা করলেন ভারতের ব্যাটিং কোচ

আবার ঝামেলা বেঁধেছে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে? সেই বিষয়টা নিয়ে মুখ খুললেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। আসুন তাঁর বক্তব্য জেনে নেওয়া যাক।

Advertisement
কোহলি ও গম্ভীরের মধ্যে আবার ঝগড়া? খোলসা করলেন ভারতের ব্যাটিং কোচবিরাট ও গম্ভীরের মধ্যে ঝামেলা চলছে?
হাইলাইটস
  • আবার ঝামেলা বেঁধেছে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে?
  • সেই বিষয়টা নিয়ে মুখ খুললেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক
  • আসুন তাঁর বক্তব্য জেনে নেওয়া যাক

ফের নতুন করে ঝামেলা বেঁধেছে ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি ও হেড কোচ গৌতম গম্ভীরের মধ্যে? তাঁরা কি একে অপরের সঙ্গে কথা বলছেন না? যদিও এই জল্পনাকে সম্পূর্ণ 'গুজব' বলে উড়িয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তিনি জানান, দু'জনের মধ্যে নিয়মিত কথাবার্তা হয়। তাঁদের প্রফেশনাল সম্পর্ক নিয়ে কোনও সমস্যা নেই। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের গুজব আদৌ কোথা থেকে ছড়াচ্ছে?

আসলে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই তাঁর সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে এজবাস্টনে অনুশীলনের সময় সেই জল্পনা আরও জোরাল হয়। কারণ, প্র্যাকটিসের সময় কোহলি ও গম্ভীরকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়নি।

কোহলি যখন ব্যাটিং করছিলেন, তখন গম্ভীর দূর থেকে সবকিছু দেখছিলেন। কিন্তু তিনি কোহলির কাছে গিয়ে কথা বলেননি। ওই সময় ব্যাটিং কোচ সিতাংশু কোটাককেই কোহলির সঙ্গে আলোচনা করেন। এরপরই আবার নতুন করে শুরু হয় জল্পনা। 

যদিও কার্ডিফে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কোটাক এই জল্পনাকে উড়িয়ে দেন। তিনি জানান, ম্যাচ চলাকালীন কোহলি ও গম্ভীর অন্তত ১০ বার একে অপরের সঙ্গে কথা বলেছেন।

কোটাকের কথায়, 'বিরাট আর গৌতম আজ অন্তত ১০ বার কথা বলেছে। আমার তো মনে হয় না, ওদের মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়ার দরকার রয়েছে।'

ভারতের ব্যাটিং কোচ আরও দাবি করেন, বিরাট যখন ছন্দে থাকেন এবং ব্যাটিং করতে নামার প্রস্তুতি নেন, তখন তাঁকে অযথা বিরক্ত করা উচিত নয়।

তাঁর কথায়, 'ব্যাটিংয়ে নামার আগে বিরাট কিছু বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছিল। আমি একজন ব্যাটিং কোচ হিসেবে সত্যি বলছি, যতক্ষণ না ও নিজে কোনও সমস্যা অনুভব করছে বা কিছু লক্ষ্য করছে, ততক্ষণ কথা বলা উচিত নয়। ও যেভাবে ব্যাট করে, সেভাবেই খেলতে দেওয়া উচিত।'

Advertisement

তিনি আরও যোগ করেন, 'ও মূলত জানতে চাইছিল ফুটওয়ার্ক ঠিকঠাক হচ্ছে কি না। কিছু বিষয় নিয়ে আগেই আমার সঙ্গে কথা বলেছিল। তারপর নেট সেশনের পরও কথা হয়েছে। কিন্তু আপনারা যে গুজবের কথা বলছেন, সেগুলো কোথা থেকে আসে আমি জানি না।'

ব্যাটিং করার সময়ই গম্ভীরকে বার্তা পাঠিয়েছিলেন কোহলি
কার্ডিফ ওয়ানডেতে বিরাট কোহলি ৬৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। এই ম্যাচে তাঁকে ভাল ছন্দে দেখা যায়।  পাশাপাশি শ্রেয়স আইয়ারও হাফ সেঞ্চুরি করেন। তবে বাকি ব্যাটাররা রান পাননি। যার ফলে ভারতের ইনিংস ২৩৩ রানেই গুটিয়ে যায়।

ও দিকে জো রুটের অপরাজিত ৯৯ রানের ইনিংসের সৌজন্যে ইংল্যান্ড ম্যাচ জিতে যায়। সিরিজে সমতা ফেরান তাঁরা।

কোটাক জানান, কোহলি যখন ব্যাটিং করছিলেন, তখনও তিনি মাঠ থেকেই গৌতম গম্ভীর এবং ড্রেসিংরুমে বার্তা পাঠাচ্ছিলেন। যাতে দলের বাকিরা পিচের পরিস্থিতি সম্পর্কে ধারণা পায়।

তিনি বলেন, 'আপনারা যদি দেখে থাকেন, বিরাট ব্যাটিং করার সময়ই আমাদের কাছে একটি বার্তা পাঠিয়েছিল। ও প্রধান কোচকে জানিয়েছিল যে শর্ট বলগুলো ঠিক তেমনভাবে উঠছে না। ফলে আমরা পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই ধারণা পেয়েছিলাম।'

 

POST A COMMENT
Advertisement