ICC চেয়ারম্যান হলেন জয় শাহবিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের ICC চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। পরপর দ্বিতীয়বারের জন্য এই দায়িত্ব পেলেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হলেন তিনি। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তিনি এই পদে জয় পেলেন।
ক্রিকেট প্রশাসনে জয় শাহ...
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র হলেন জয় শাহ। তাঁর ক্রিকেট প্রশাসনের কেরিয়ার শুরু হয় ২০০৯ সালে আমেদাবাদের সেন্ট্রাল বোর্ড অফ ক্রিকেটের নির্বাহী সদস্য হিসেবে। ২০১৩ সালে তিনি গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের (GCA) যুগ্ম সম্পাদক নিযুক্ত হন। তাঁর তত্ত্বাবধানেই বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয় বলে জানা যায়।
২০১৫ সালে তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) অর্থ ও বিপণন কমিটিতে যোগ দেন। ২০১৯ সালের অক্টোবরে মাত্র ৩১ বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ হিসেবে বিসিসিআই-এর সচিব নির্বাচিত হন। আবার ২০২২ সালে পুনরায় এই পদে বহাল থাকেন। বিসিসিআই সচিব থাকাকালীন তাঁর উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে রয়েছে কোভিড ১৯ মহামারীর মধ্যে সফলভাবে আইপিএল আয়োজন করা। এছাড়া ৪৮,৩৯০ কোটি টাকার রেকর্ড আইপিএল মিডিয়া স্বত্ব চুক্তি, উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএস) চালু করা এবং পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমান ম্যাচ ফি প্রদান।
জাতীয় স্তরের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর প্রভাব দ্রুত বৃদ্ধি পায়। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি আইসিসি-র অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির (F&CA) প্রধান হন। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন।