বিরাট কোহলিকে নিয়ে কী বললেন কপিল দেব? (ছবি: ইন্ডিয়া টুডে)টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। আর তাঁর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন দেশের অন্যতম সফল অধিনায়ক তথা অলরাউন্ডার কপিল দেব। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে বিরাট কোহলি নিজের কেরিয়ারের সবচেয়ে বড় ভুল করেছেন, এমনটা মনে করেন কপিল। এই বিশিষ্ট ক্রিকেটারের মতে, ফিটনেস এবং পারফরম্যান্সের নিরিখে এখনও তুঙ্গে রয়েছেন বিরাট। তাই টেস্ট ক্রিকেট খেলে যাওয়ার যথেষ্ট ক্ষমতা ছিল কোহলির। এমনকী এক দশক পর নিজের এই সিদ্ধান্তের জন্য অনুশোচনাও হতে পারে বিরাটের বলে দাবি করেন কপিল।
সম্প্রতি 'মিড-ডে'-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, কেন নিজের ফিটনেস থাকা সত্ত্বেও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন কোহলি? কপিলের কথায়, 'আমার মনে হয়, বিরাট কোহলি কেরিয়ারের সবচেয়ে বড় ভুল করেছেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ১০ বছর পর এই সিদ্ধান্তের জন্য ওঁর আফসোস হতে পারে। ওঁর অবসর নেওয়া উচিত হয়নি। কোহলির ফিটনেস এখনও ভাল। অন্য যে কোনও ক্রিকেটারের তুলনায় ওর ফিটনেস দারুণ। এমনকী, ২৫ বছরের কোনও ক্রিকেটারের সঙ্গেও ফিটনেসের লড়াইয়ে পাল্লা দিতে পারে ও।'
এই প্রসঙ্গে মহিন্দর অমরনাথের উদাহরণ টেনেছেন তিনি। জাতীয় দল থেকে বারবার বাদ পড়েও বারবার ফিরে এসে নিজেকে প্রমাণ করেছিলেন অমরনাথ। এই কথাটাও মনে করিয়ে দেন কপিল। তাঁর বক্তব্য, 'রাগ করে অবসর নেওয়া ঠিক নয়। মহিন্দর অমরনাথের মতো হওয়া উচিত। ওকে বহুবার দল থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবার ফিরে এসে সমালোচকদের ভুল প্রমাণ করেছে।'
এই প্রসঙ্গে বলি, ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। লাল বলের ক্রিকেটে তাঁর ১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি ঘটে। নিজের কেরিয়ারে ১২৩টি টেস্ট ম্যাচে ৪৬.৮৫ গড়ে মোট ৯,২৩০ রান করেছেন তিনি। রয়েছে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। ২০২৫ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন কোহলি।
কেন টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন, সেই নিয়ে পরবর্তীতে কিছু অভাস দিয়েছিলেন। কোহলি জানিয়েছিলেন, এমন কোনও পরিবেশে থাকতে চান না, যেখানে বারবার নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর আপাতত একদিনের ক্রিকেটে খেলছেন কোহলি। দক্ষিণ আফ্রিকায় ২০২৭ সালের একদিনের বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি চালাচ্ছেন। যদিও সম্প্রতি নিউজিল্যান্ড সফর খুব একটা ভাল কাটেনি তাঁর। এখন দেখার আগামিদিনে পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।